মালয়েশিয়াগামী ১০ যাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভার পালাকাটা এলাকা থেকে গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার প্রাক্কালে ১০ যাত্রীকে আটক করেছে পুলিশ। জসিম উদ্দিন নামের এক দালাল সাগরপথে মালয়েশিয়া নিতে ওই এলাকায় আটক যাত্রীদের জড়ো করেছেন বলে পুলিশ জানিয়েছে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের রফিকুল ইসলাম, মো. তারা মিয়া, আল আমিন, মো. রফিক, মো. সবুজ মিয়া, মো. মুছা, মোহাম্মদ হারুন, নরসিংদীর আবদুল জলিল, যশোরের রিপন হোসেন, কুমিল্লার মো. এরশাদ।
আটক হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, গত রোববার তাঁদের চকরিয়ায় আনা হয়। সোমবার রাতে তাঁদের মালয়েশিয়ার উদ্দেশে প্রথম দফায় চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা মাছঘাট এলাকা থেকে ট্রলারে তুলে দেওয়া হয়। ট্রলারে করে চিংড়িজোন রামপুর এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ডাকাতের খপ্পরে পড়ে সর্বস্ব হারান তাঁরা। পরে তাঁরা একই জায়গায় ফিরে আসেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, জসিম উদ্দিন নামের এক দালাল তাঁদের চকরিয়ায় জড়ো করেন। এখন পুলিশ ওই দালালকে ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।