মালয়েশিয়ায় অপহরণ, মুক্তিপণ আদায়কালে সিরাজগঞ্জে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় অপহরণের পর আটকে রেখে বাংলাদেশে স্বজনদের কাছে মুক্তিপণ আদায়ের সময় অপহরণকারীদের তিন সহযোগীকে আটক করেছেন র্যা ব-১২-এর সদস্যরা। গত বুধবার রাতে তাদের সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সদর থেকে আটক করে বেলকুচি থানায় হস্তান্তর করেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ র্যা ব-১২ কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, মালয়েশিয়ায় চাকরিরত ভোলা জেলার বোরহানউদ্দিন থানার বাসিন্দা বশির উদ্দিনকে (৩০) ১৮ সেপ্টেম্বর বাংলাদেশি একটি অপহরণ চক্রের সদস্যরা মালয়েশিয়ার কেডা জেলার চুংগা বাতানি শহরের একটি বাসা থেকে কৌশলে অপহরণ করেন। পরে চক্রটি বাংলাদেশে অবস্থানরত বশিরের স্ত্রীর মুঠোফোনে মুক্তিপণ বাবদ আড়াই লাখ টাকা দাবি করে। তারা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোনালী ব্যাংক সোহাগপুর শাখায় এ মুক্তিপণের টাকা জমা দিতে বলে। অন্যথায় বশির উদ্দিনকে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় ১৯ সেপ্টেম্বর একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ওই থানার তদন্তকারী কর্মকর্তা তদন্তে র্যা ব-০৮-এর সহযোগিতা চায়। র্যা ব সদস্যরা মুঠোফোনের কললিস্ট ট্র্যাকিং করে অপহরণকারীদের অবস্থান সিরাজগঞ্জের বেলকুচিতে বলে নিশ্চিত হন। পরে বেলকুচি উপজেলার মুকন্দুগাতী বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীদের সহযোগী চালা মধ্যপাড়া গ্রামের শোভা চাঁন (৩০), চর শালদাইর গ্রামের রবি চাঁন মুনশি ওরফে রবিউল হাসান (৪০) ও জাহাঙ্গীর হোসেনকে (২৪) আটক করা হয়।
হাসিবুল আলম আরও বলেন, আটক হওয়া ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে সব তথ্য স্বীকার করেছেন। আটক ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী র্যা বের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার বলেন, মালয়েশিয়ায় অবস্থান করা জিয়াউল হকের সহায়তায় বিভিন্ন সময়ে এ চক্রটি বিদেশে কর্মরত বাংলাদেশি নাগরিকদের অপহরণ করে। তারপর অপহৃত ব্যক্তিদের বাংলাদেশে অবস্থানরত আত্মীয়স্বজনের কাছ থেকে মুক্তিপণের অর্থ আদায় করে। তাদের বেলকুচি থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বেলকুচি থানার ওসি সাজ্জাত হোসেন বলেন, আটক ব্যক্তিদের সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। পরে তাদের ভোলা জেলায় পাঠানো হবে। এদিকে হাসিবুল আলম জানিয়েছেন, বাংলাদেশে চক্রের তিন সদস্য গ্রেপ্তারের খবরে মালয়েশিয়ায় অপহৃত বশির উদ্দিনকে ছেড়ে দেওয়া হয়।