মালয়েশিয়ায় অপহরণের ঘটনায় সাতজন আটক
ঢাকার দক্ষিণখান এলাকার এক ব্যবসায়ীকে মালয়েশিয়ায় অপহরণ ও নারায়ণগঞ্জে মুক্তিপণ আদায়ের ঘটনায় সাতজনকে আটক করেছে র্যা ব। গত বুধ ও বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকা থেকে এঁদের আটক করা হয়।
গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ নগরীর আদমজীনগরে র্যা ব-১১-এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। আটক ব্যক্তিদের ব্যাংক হিসাব থেকে মুক্তিপণের ১৪ লাখ টাকা উদ্ধার করে র্যা ব। তাঁদের কাছ থেকে ছয়টি পাসপোর্ট, কয়েকটি সনদপত্র, নয়টি মুঠোফোন, ১১টি সিম কার্ড, ক্রেডিট কার্ড ও ব্যাংকের চেকবইসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন শাকিলা আক্তার, আলেয়া বেগম, আবুল কালাম আজাদ, আল আমিন আসিফ, আবদুল্লাহ, মাহমুদা পারভীন ও আওলাদ হোসেন।
ব্রিফিংয়ে র্যা ব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার লতিফ খান জানান, গত ২৩ জুলাই ফয়েজ আহম্মেদ মালয়েশিয়া গেলে বাংলাদেশি লোকমান হোসেন ও ফখরুদ্দীন আলী আহমেদ এবং মালয়েশিয়ার নাগরিক মো. শরিফ তাঁকে অপহরণ করে আটকে রাখেন। ১৭ দিন পর অপহরণকারী ব্যক্তিরা বাংলাদেশে ফয়েজের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেন। ওই ঘটনায় ফয়েজ আহম্মেদের পরিবারের সদস্যরা দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ফয়েজের পরিবার অপহরণকারীদের চাপে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় লোকমানের স্ত্রী শাকিলাকে ১৩ লাখ টাকা মুক্তিপণ দেন। অপহরণকারীরা আরও ৫০ লাখ টাকা দাবি করলে লোকমানের বোন আলেয়ার উকিল ভাই হিসেবে পরিচিত আবদুল্লাহর ব্যাংক হিসাবে আরও ১৫ লাখ টাকা জমা দেন ফয়েজের পরিবারের সদস্যরা। মঙ্গলবার অপহরণকারীরা ফয়েজকে ছেড়ে দেন। পরদিন তিনি মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসেন। মালয়েশিয়ায় আটক থাকার সময় ফয়েজের ওপর নির্যাতন চালানো হয়।
র্যা ব জানায়, গত রোববার ফয়েজের পরিবার র্যা ব-১১-এর কার্যালয়ে অপহরণের অভিযোগ করে। র্যা ব সদস্যরা আসামিদের ব্যাপারে খোঁজখবর নেন এবং ব্যাংকে লেনদেনের বিষয়গুলো নিশ্চিত হন। বুধ ও বৃহস্পতিবার নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও মুন্সিগঞ্জ থেকে লোকমানের সহযোগী ওই সাতজনকে আটক করে র্যা ব। আটক হওয়া ব্যক্তিদের ব্যাংক হিসাব থেকে ১৪ লাখ ৯৯ হাজার ৮১৪ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা পাসপোর্টের মধ্যে দুটি লোকমানের, একটি শাকিলার ও তিনটি বিভিন্ন ব্যক্তির বলে ব্রিফিংয়ে জানানো হয়।
আনোয়ার লতিফ খান আরও জানান, এটি সুপরিকল্পিত অপহরণ। ফয়েজ আহম্মেদ ব্যবসায়িক কাজে দুই বছর ধরে নিয়মিত মালয়েশিয়া যাতায়াত করেন। ফয়েজকে আসামিরা দীর্ঘদিন অনুসরণ করেন এবং তাঁর পরিবারের সদস্যদের বিষয়ে খোঁজখবর নিয়ে অপহরণের কাজটি করেন। অপহরণকারী লোকমান, ফখরুদ্দীন ও শরিফ মালয়েশিয়ায় পলাতক রয়েছেন। আসামিদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলার প্রস্তুতি চলছে।