কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল বুধবার ভোরে মানব পাচারকারী চক্রের সদস্য মো. আনসার উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। বরিশালের গৌরনদীর এক যুবককে মালয়েশিয়ায় আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে র্যা ব। তাঁর বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে তিনটি মামলা রয়েছে।
গ্রেপ্তার আনসার উল্লাহর বাড়ি মিয়ানমারের আকিয়াবে। দীর্ঘদিন ধরে টেকনাফের হ্নীলার নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে বাস করছেন তিনি।
র্যা ব-৭৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এস এম সাউদ হোসেন প্রথম আলোকে বলেন, বরিশালের গৌরনদী উপজেলার মো. রাসেল নামের এক যুবককে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচার করেন আনসার উল্লাহ। পরে মালয়েশিয়ায় আটকে রেখে পাচারকারী মুঠোফোনের মাধ্যমে রাসেলের পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। দাবি করা টাকা রাসেলের পরিবারের লোকজন আনসার উল্লাহর ব্যক্তিগত হিসাব নম্বরে জমা দেন। পরে রাসেলের ভাই সিরাজ খান বাদী হয়ে বরিশালের গৌরনদী থানায় মামলা করেন। এরপরই আনসার উল্লাহকে গ্রেপ্তার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার এস এম সাউদ হোসেন বলেন, গ্রেপ্তার আনসার উল্লাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী ও আন্তর্জাতিক চক্রের একজন সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে টেকনাফ থানায় মানব পাচারের অভিযোগে দুটি ও গৌরনদী থানায় একটি মামলা রয়েছে।