মালায়েশিয়ার আমপাং এলাকার একটি বাসা থেকে ১৪ বাংলাদেশিকে উদ্ধার করেছে অভিবাসন কর্তৃপক্ষ। তাঁরা সম্ভবত পাচারকারীদের হাতে জিম্মি ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই বাসা থেকেই আটক করা হয়েছে তিন বাংলাদেশিকে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গোয়েন্দা বিভাগের একটি দল গত বৃহস্পতিবার ভোরে আমপাংয়ের ওই বাসায় অভিযান চালায়। বাসার দুটি ঘরে ঠাসাঠাসি করে রাখা হয়েছিল উদ্ধার ১৪ জনকে।
এ ঘটনায় তিন বাংলাদেশিকে আটক করা হয়েছে জানিয়ে মুস্তাফার আলী বলেন, তাঁরা সম্ভবত একটি পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। গত ডিসেম্বরে ওই চক্রটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। তিনজনকে আটক করতে পারায় এখন ওই চক্রের অন্য সদস্যদেরও আটক করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।
এদিকে মালয়েশিয়ায় অবৈধ বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে চলমান অভিযানে আরও ১৬ বাংলাদেশিসহ ১১৩ জনকে আটক করেছে কর্তৃপক্ষ। আটক লোকজনের মধ্যে ২৯ জন নারী ও ১০ শিশু রয়েছে। সেগামবুত ডালাম এলাকার বুকিত প্রিমা পেলাঙ্গিতে বৃহস্পতিবার গভীর রাতে কুয়ালালামপুর অভিবাসন কর্তৃপক্ষ শতাধিক বাড়িতে অভিযান চালিয়ে ওই ১১৩ জনকে আটক করে।
কুয়ালালামপুর ইমিগ্রেশন ইনটেলিজেন্স অ্যান্ড অপারেশনস ইউনিটের প্রধান মো. শারুলনিজাম ইসমাইল এবং কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এনফোর্সমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ ইউসুফ খান মো. হাসানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে মো. শারুলনিজাম ইসমাইল বলেন, অভিযানে আটক ১১৩ জনের মধ্যে ৯৪ জনই ইন্দোনেশিয়ার নাগরিক। বাকি ১৯ জনের মধ্যে বাংলাদেশের নাগরিক ১৬ জন। মিয়ানমার ও শ্রীলঙ্কার নাগরিকও রয়েছেন আটক ব্যক্তিদের মধ্যে।