দুই মাস এগারো দিন আগে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে বাড়ি ছেড়েছিলেন বগুড়ার দুপচাঁচিয়ার কোলগ্রামের ছয় যুবক। এ পর্যন্ত তাঁদের আর কোনো হদিস না পাওয়ায় গতকাল রোববার মানব পাচারের অভিযোগে একটি মামলা করেন একজনের বাবা। পুলিশ এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন কোলগ্রামের আবু বক্করের স্ত্রী হোসনে আরা (৪০) ও তোফাজ্জল হোসেনের স্ত্রী মিনা বেগম (৪২)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, কোলগ্রামের আবু বক্করের ছেলে রবিউল ইসলাম (২৪) এবং তোফাজ্জল হোসেনের ছেলে রনি হোসেন (২৭) বছরখানেক আগে মালয়েশিয়া যান। আরও কয়েকজনকে মালয়েশিয়া নিতে পারবেন বলে কয়েক মাস আগে রবিউল ও রনি তাঁদের মায়েদের মাধ্যমে গ্রামে খবর পাঠান। বিষয়টি জানতে পেরে গ্রামের ছয় তরুণ বেলাল হোসেন (২৫), রবিউল ইসলাম (২০), মঞ্জুর হোসেন (২৫), মিজানুর রহমান (৩০), শাহজাহান (৩৫) ও নজরুল ইসলাম (৩৫) গত ৬ মার্চ মালয়েশিয়ার উদ্দেশে বাড়ি ছাড়েন। এক মাস পর তাঁরা নিজ পরিবারকে মুঠোফোনে জানান, কক্সবাজার হয়ে সাগরপথে তাঁদের বিদেশে নেওয়া হচ্ছে। ছয়জনের প্রত্যেকের জন্য রবিউল ও রনির মাকে ২ লাখ টাকা করে দিতে পরিবারকে অনুরোধ করেন ওই ছয় যুবক। তা না হলে ট্রলার থেকে তাঁদের উপকূলে নামতে দেওয়া হবে না। এরপর প্রত্যেক পরিবার হোসনে আরা ও মিনা বেগমকে দুই লাখ করে টাকা দেয়। কিন্তু এরপর থেকে ওই যুবকদের আর কোনো খোঁজ নেই। এ অবস্থায় বেলালের বাবা আবদুস সামাদ গতকাল দুপচাঁচিয়া থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন।
আবদুস সামাদ বলেন, ‘প্রতিবেশী হোসনে আরা ও মিনা বেগমের প্রবাসী ছেলেদের কথা শুনেই আমাদের ছেলেদের বিদেশে পাঠাই। এক মাস আগে ছেলেদের সঙ্গে কথা বলে আমরা ছয় পরিবারের লোকজন প্রত্যেকের জন্য দুই লাখ করে টাকা দিই। আজ এক মাস দশ দিন পার হলো। ছেলেদের কোনো খোঁজ নেই।’
শাহজাহানের বাবা কোরবান আলী ও মনজুরের বাবা বেলাল হোসেন অভিযোগ করেন, হোসনে আরা ও মিনা বেগমের মারফত তাঁরা শুনেছিলেন রবিউল ও রনি মালয়েশিয়ায় মাসে ৫০-৬০ হাজার টাকা করে রোজগার করেন। ওই দুই ছেলে আরও ছয়জনকে তাঁদের মতো কাজ দিতে পারবেন। তখন বলা হয়, বিষয়টি তাঁরা যেন কাউকে না জানান। আর সাত দিনের মধ্যে পাসপোর্ট তৈরি করে বৈধ পথেই তাঁদের ছেলেদের মালয়েশিয়া নেওয়া হবে। পরে ছেলেদের কাছ থেকে ফোনে জানতে পারেন, সাগর দিয়ে অবৈধ পথে তাঁদের নেওয়া হচ্ছে।
দুপচাঁচিয়া থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, ‘ছয় ছেলের পরিবারই মামলা করতে চেয়েছিল। সব একই অভিযোগ, একই আসামি হওয়ায় একটি মামলা নেওয়া হয়েছে। প্রবাসী রবিউল ও রনি, তাঁদের দুজনের মা এবং রবিউলের বাবাকে আসামি করে মানব পাচার মামলা করা হয়েছে। দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।’