মালয়েশিয়ায় সাতক্ষীরার যুবক পিন্টু খুন!
সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামের শেখ রিয়াদ হাসান পিন্টু (২৭) নামের এক যুবক মালয়েশিয়ায় খুন হয়েছেন। মালয়েশিয়ার তেসকো মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
পিন্টু তালা উপজেলার জেঠুয়া গ্রামের শেখ আবদুস সাত্তারের ছেলে। দুই বছর ধরে তিনি মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে অবস্থান করছিলেন।
নিহতের মেজ ভাই মেহেদী হাসান জানান, মালয়েশিয়াতে একটি কক্ষে পিন্টুরা সাতজন থাকতেন। ২১ ডিসেম্বর রাতে পিন্টুকে মারধর করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর একজন মালয়েশিয়া থেকে বাড়িতে তাঁর বাবার কাছে ফোন দিয়ে বলেন, পিন্টু দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তিন লাখ টাকা লাগবে। বিকাশের মাধ্যমে টাকা দেওয়ার কথা বলেন। কিন্তু বিকাশে তিন লাখ টাকা একসঙ্গে না যাওয়ায় ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চাইলে তিনি দিতে পারেননি। হাসপাতালের হিসাব নম্বর চাইলেও দিতে পারেননি। এ সময় সন্দেহ হয়। বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে গতকাল রোববার দুপুরে নিশ্চিত হওয়া যায় পিন্টু নিহত হয়েছেন। তবে কী কারণে পিন্টুকে হত্যা করা হয়েছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি।
মেহেদী হাসান আরও জানান, তালার শাহজাদপুর গ্রামের রুবেল ও চুয়াডাঙ্গা জেলার পাঁচজন একসঙ্গে থাকতেন। সিসিটিভির ফুটেজ দেখে হত্যার ঘটনায় জড়িত থাকায় দুজনকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ। একসঙ্গে থাকা তালার রুবেল পলাতক রয়েছেন। একজন মালয়েশিয়া থেকে বাংলাদেশ চলে এসেছেন, বাকিরা পলাতক রয়েছেন। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে, বড়দিনের ছুটি থাকায় মরদেহ ফেরত আনতে কাগজপত্র ঠিক করা সম্ভব হয়নি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, মালয়েশিয়ায় তালার একজন খুন হয়েছেন বলে তিনি শুনেছেন।