মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় ১৫ জন বাংলাদেশিসহ ৮৯ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির অভিবাসন বিভাগ গত মঙ্গলবার কেদাহ রাজ্যের একটি প্লাইউড কারখানা থেকে তাঁদের আটক করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসনবিষয়ক বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
মালয়েশিয়ার পত্রিকা দ্য স্টার অনলাইনের এক প্রতিবেদনে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়, ৮৯ বিদেশি নাগরিকদের সঙ্গে একজন মালয়েশীয়কেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এসব বিদেশিকে লুকিয়ে রাখার অভিযোগ আনা হয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের পরিচালক ইউশ্রি হাশিম জানান, আটক ব্যক্তিদের মধ্যে নেপালের ২৬ জন, ইন্দোনেশিয়ার ২১ জন, ভিয়েতনামের ২১ জন, বাংলাদেশের ১৫ জন, চীনের দুজন, পাকিস্তানের দুজন এবং কম্বোডিয়া ও মিয়ানমারের একজন করে নাগরিক রয়েছেন। আটক অভিযানের সময় চীনের দুই নাগরিক পালিয়ে যাওয়ার অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন।
ইউশ্রি হাশিম বলেন, প্লাইউড কারখানাটিতে বিদেশি ওই নাগরিকদের টেকনিশিয়ান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ওই কারখানার মেশিনগুলো চীনের তৈরি।