মালয়েশিয়ায় ৫১৫ বাংলাদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় অবৈধ বিদেশি শ্রমিকদের ধরতে কর্তৃপক্ষের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের প্রথম দিনে এক হাজারের বেশি লোককে আটক করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশির সংখ্যা পাঁচ শতাধিক বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তবে কর্তৃপক্ষের তরফ থেকে আটক ব্যক্তিদের সঠিক সংখ্যা এখনো জানানো হয়নি।

মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের সাময়িক বৈধতার জন্য সরকার ঘোষিত এনফোর্সমেন্ট কার্ডের (ই-কার্ড) জন্য নিবন্ধনের সময়সীমা শেষ হয় গত শুক্রবার মধ্যরাতে। এরপরই শুরু হয় অভিযান।

মালয়েশিয়ার ইংরেজি ভাষার সংবাদপত্র দ্য স্টার জানিয়েছে, আটক বাংলাদেশির সংখ্যা ৫১৫।

আর মালয় মেইল অনলাইনের খবরে বলা হয়, অভিযানের প্রথম দিনে ১ হাজার ৩৭ জন অবৈধ বিদেশি শ্রমিক আটক হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে বাংলাদেশির সংখ্যাই সবচেয়ে বেশি, ৪৯২ জন। এ ছাড়া ইন্দোনেশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, থাইল্যান্ড ও ভিয়েতনামের নাগরিকও রয়েছেন আটক হওয়া শ্রমিকদের তালিকায়।

মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের নিয়ে কাজ করা সংগঠন কারাম এশিয়ার কর্মকর্তা হারুন অর রশিদ বিবিসি বাংলাকে বলেন, যাঁরা বৈধতার সুযোগ নিতে পারেননি, তাঁরা আটক হচ্ছেন। তবে আটক হওয়া ব্যক্তির সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন। কারণ, বিভিন্ন জায়গায় অভিযান চলছে। অভিবাসন কর্তৃপক্ষও সমন্বয় করে সঠিক সংখ্যাটি জানায়নি।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের শ্রমবিষয়ক কাউন্সেলর সায়েদুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, ২০১৪ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়া সফরের সময় এ দেশের সরকারকে অবৈধ বা নথিভুক্ত নয় এমন শ্রমিকদের অভিজ্ঞতার কথা বিবেচনা করে তাঁদের বৈধকরণ প্রক্রিয়ার মাধ্যমে এনে কাজ করার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেন। সেই পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার সরকার ‘রিহায়ারিং কর্মসূচি’ নামে একটি কর্মসূচি চালু করে। যাঁরা বৈধ পথে বিমানবন্দর দিয়ে মালয়েশিয়ায় এসেছিলেন, তাঁরা এই কর্মসূচির আওতায় আছেন। সেটি চলমান আছে এবং তা ২০১৭ সালের ডিসেম্বর মাসে শেষ হবে।

সায়েদুল ইসলাম আরও বলেন, যেসব কর্মীর কাছে বৈধতার কোনো প্রমাণ নেই, তাঁরা এই কর্মসূচির আওতায় সুযোগ পাচ্ছিলেন না। সে কারণে মালয়েশিয়ার সরকার ই-কার্ড নামে সহায়ক আরেকটি কর্মসূচি চালু করে। এর মেয়াদ ৩০ জুন শেষ হয়েছে। এই কর্মসূচিতে বাংলাদেশি শ্রমিকেরাই সবচেয়ে বেশি সংখ্যায় সাড়া দিয়েছেন। তিনি বলেন, জেনেভা কনভেনশন অনুসারে, কোনো দেশে অন্য কোনো দেশের নাগরিক গ্রেপ্তার হলে নাগরিকের দেশকে অবহিত করা হয়। মালয়েশিয়ার সরকারও যথারীতি বাংলাদেশকে অবহিত করবে। হাইকমিশন অবহিত হওয়ার পর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আটক বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে।

মালয়েশিয়ার সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তফার আলী জানিয়েছেন, অভিবাসন আইন অনুযায়ী বৈধ কাগজপত্র না থাকায় আটক হওয়া শ্রমিকেরা জনপ্রতি ১০ হাজার রিঙ্গিত জরিমানা ও সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।