মাশুক হত্যাকাণ্ডে স্কুলের সভাপতি প্রধান আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশুক ফেরদৌস
মাশুক ফেরদৌস

বগুড়ায় স্কুলছাত্র মাশুক ফেরদৌস হত্যাকাণ্ডের ঘটনায় শহরের মাটিডালি উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহবুব হামিদকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। তাঁকে ছাড়া আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় মাশুকের বাবা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইমদাদুল হক বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন মাহবুব হামিদের ভাই শহরের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেজবাহুল হামিদ (৪৫), মাটিডালি এলাকার লাল মিয়া (৪০), খায়রুল (৪২), আল আমিন (৪০), ছামছুল (৪৮), তাজুল (৪২), নাইম (১৮), অনিক (১৯), নাহিদ (৩২), কাঞ্চন (২৮), ফয়সাল (২২), সাকিল (২৮), সাকিব (২৪), বিটুল (২৮) ও মামুন (৩০)।

বগুড়া শহরের এসওএস হারম্যান মেইনার কলেজের নবম শ্রেণির ছাত্র মাশুক ফেরদৌসকে গত শনিবার বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। ওই দিন রাত সাড়ে আটটার দিকে বাড়ির অদূরে রক্তাক্ত অবস্থায় মাশুককে উদ্ধার করা হয়।

মামলার এজাহারে বলা হয়, পারিবারিক শত্রুতা ও মাটিডালি উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন নিয়ে মনোমালিন্যের জের ধরে মাহবুব হামিদ ও মেজবাহুল হামিদ জাসদ নেতা ইমদাদুল হকের পরিবারের ক্ষতি করার পরিকল্পনা করছিলেন। সেই পরিকল্পনা অনুযায়ী ১১ মে রাত সাড়ে ১০টার দিকে কাউন্সিলর অফিসে মাশুক ফেরদৌসকে হত্যার জন্য বৈঠক করা হয়। পরিকল্পনা অনুযায়ী, নাঈম ও অনিককে দিয়ে ১৩ মে সন্ধ্যা ছয়টার দিকে মাশুককে জরুরি কথা আছে বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর নাঈমের বাড়িতে নিয়ে মুঠোফোন কেড়ে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। প্রাণভয়ে মাশুক রাত আটটার দিকে বাড়ির বাইরে এলে মাহবুব হামিদের নেতৃত্বে খুনিরা আক্রমণ করে। একপর্যায়ে মাহবুব হামিদ ও লাল মিয়া মাশুককে জাপটে ধরলে অন্যরা হকিস্টিক, লাঠি, ক্রিকেট ব্যাট দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করে।

মামলার বিষয়ে জানতে চাইলে মাহবুব হামিদ প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিকভাবে ঘায়েল এবং তাঁর পরিবারকে হেয় করার জন্য প্রতিহিংসাপরায়ণ হয়ে হিংসাত্মকভাবে আমাকে ও আমার ভাইকেসহ নিরীহ বেশ কিছু লোকজনকে এই হত্যা মামলায় জড়ানো হচ্ছে।’ তিনি বলেন, ‘মাটিডালি উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনার কোনো সংশ্লিষ্টতা নেই। মাশুকের খুনিদের আমরাও বিচার চাই। কিন্তু সেই হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক খেলা বন্ধ করা দরকার। পুলিশের প্রতি অনুরোধ থাকবে, সঠিক তদন্ত করে হত্যাকাণ্ডের সঠিক কারণ উদ্‌ঘাটন করে প্রকৃত খুনিদের যেন বিচারের মুখোমুখি করা হয়। কোনো নিরীহ লোকজনকে যেন হয়রানি করা না হয়।’

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন প্রথম আলোকে বলেন, মামলার এজাহার আদালতে পাঠানো হবে। তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে আসামিদের সংশ্লিষ্টতা মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

হত্যাকারীদের গ্রেপ্তারে মানববন্ধন ও সমাবেশ : মাশুকের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মাটিডালি এলাকার লোকজন ও তার সহপাঠীদের উদ্যোগে মাটিডালি এলাকায় সাতমাথা-মাটিডালি সড়কের পাশে আজ মঙ্গলবার মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে গতকাল সোমবার হত্যাকাণ্ডের প্রতিবাদে বগুড়া শহরের সাতমাথার প্রতিবাদ সমাবেশ করেন জাসদের কেন্দ্রীয় নেতারা। তাঁরা মাহবুব হামিদ ও মেজবাহুল হামিদকে হত্যাকাণ্ডের জন্য দায়ী করে খুনিদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।