মাস না ঘুরতেই খুলছে অবৈধ দোকানপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজগাঁও সাতরাস্তা থেকে কারওয়ান বাজার রেলক্রসিং পর্যন্ত সড়কে পুরোদমে উন্নয়নকাজ চলছে। সড়কে কোনো ট্রাক-কাভার্ড ভ্যান না থাকায় যানজট লাগছে না। তবে মূল ট্রাকস্ট্যান্ডের ভেতরে উচ্ছেদ করা অবৈধ দোকানপাট, গ্যারেজ আবারও খুলতে শুরু করেছে।
গতকাল রোববার দেখা যায়, সাতরাস্তা থেকে কারওয়ান বাজার রেলক্রসিং পর্যন্ত সড়কে সৌন্দর্য বাড়ানোর কাজ চলছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) শ্রমিকেরা সড়ক বিভাজক বসানোর কাজ করছেন। সড়ক বিভাজক (মিডিয়ান) তৈরির জন্য কংক্রিটের ব্লক এনে রাখা হয়েছে।
সাতরাস্তা থেকে কারওয়ান বাজার-সংলগ্ন রেললাইন পর্যন্ত প্রায় ১০০ ফুট প্রস্থের এই সড়ক দীর্ঘদিন ধরে অবৈধভাবে ট্রাকস্ট্যান্ড হিসেবে দখল করে রাখা হয়েছিল। ট্রাক সরে গেলেও দীর্ঘদিনের অযত্ন-অবহেলায় সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। ডিএনসিসি কর্তৃপক্ষ সড়কটিকে যান চলাচলের উপযোগী করতে উন্নয়নকাজ শুরু করেছে।
ডিএনসিসি আশা করছে, সড়কটির উন্নয়নকাজ শেষ হলে আশপাশের এলাকাগুলোয় যানজট অনেকাংশে কমে যাবে। একই সঙ্গে পুনরায় সড়কে ট্রাক-কাভার্ড ভ্যান রাখা থেকে বিরত রাখা যাবে। তেজগাঁও লিংক রোডটি পুরোদমে চালু হলে ফার্মগেট থেকে খুব সহজেই সাতরাস্তায় যাওয়া যাবে।
এ সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী আকরাম হোসেন বলেন, রাস্তাটি পার্কিংমুক্ত করায় চলাচলে অনেক সুবিধা হয়েছে। এভাবে থাকলে জনগণের উপকার হবে। তাই আবার যাতে দখল না হয়ে যায়, সেই ব্যবস্থা করতে হবে। রেলওয়ে ও গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) জায়গা দখল করে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডটি গড়ে তোলা হয়েছে। অবৈধ ট্রাকস্ট্যান্ডের ভেতরের জায়গাও দখল হয়ে যায়। প্রায় ৩৯ বিঘা জমির ট্রাকস্ট্যান্ডের ভেতরের জায়গা দখল করে গড়ে ওঠে অবৈধ দোকানপাট, ট্রাক মেরামতের গ্যারেজ। ফলে ভেতরে জায়গা না থাকায় ট্রাক-কাভার্ড ভ্যান ও পিকআপ রাখা হতো সড়কের ওপর। ডিএনসিসির মেয়র আনিসুল হক ট্রাকমালিক ও শ্রমিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে অন্তত তিনবার ট্রাকস্ট্যান্ডের ভেতরের সব স্থাপনা সরিয়ে নিতে সময় বেঁধে দেন। ২৯ নভেম্বর অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। গত ১০ ডিসেম্বর ট্রাকস্ট্যান্ড এলাকায় এক সমাবেশ করে তেজগাঁও এলাকাকে পার্কিংমুক্ত ঘোষণা করেন আনিসুল হক।
ডিএনসিসির পক্ষ থেকে ট্রাকস্ট্যান্ডের ভেতরে গড়ে ওঠা অর্ধশতাধিক মেরামত কারখানা, খাবারের দোকান উচ্ছেদ করা হয়েছিল। গতকাল দেখা যায়, উচ্ছেদের পরে মাস না ঘুরতেই দোকানগুলো খুলতে শুরু করেছে। গড়ে উঠেছে খাবারের দোকান। মেরামত কারখানায় কাজ শুরু হয়েছে। তবে আগের মতো এখনো দোকানঘর তোলা হয়নি। ডিএনসিসির উচ্ছেদে দোকান ভাঙা পড়েছিল মো. ইব্রাহিমের। দোকানঘর আবার না তুললেও ট্রাক মেরামতের কাজ শুরু করেছেন। দোকানের যন্ত্রপাতি, সরঞ্জাম ত্রিপলের নিচে রেখে কাজ চালাচ্ছেন। তিনি বলেন, ‘দোকান তো ভেঙে দিছে। তারপরে এখন একটু কাজ শুরু করার চেষ্টা করছি।’
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুল ইসলাম প্রথম আলোকে বলেন, জায়গাটি রেলওয়ের। উচ্ছেদের ক্ষেত্রে রেলওয়েকে অগ্রণী ভূমিকা নিতে হবে। দখলদারেরা যাতে ফেরত না আসতে পারে, সে জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে রেলওয়েকে ব্যবস্থা নিতে বলা হবে।