মাসতুতো ভাইয়ের সাত দিনের রিমান্ডের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্কুলছাত্র প্রান্ত সাহাকে (১৫) গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুজনের মধ্যে তার মাসতুতো ভাই শুভ সাহাকে (১৮) সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। গাজীপুর মুখ্য বিচারিক হাকিমের আদালতে গতকাল শনিবার এ আবেদন করা হয়।

উপজেলার মাথালিয়া সোনাদিয়া বিল থেকে গত বৃহস্পতিবার রাতে প্রান্তর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিন রাতে প্রান্তর বাবা চাপাইর পালপাড়া এলাকার বাসিন্দা উত্তম সাহা কালিয়াকৈর থানায় মামলা করেন। পরে জড়িত সন্দেহে শুভ ও প্রান্তর এক বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ। গাজীপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক রবিউল ইসলামের কাছে গত শুক্রবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় প্রান্তর ওই বন্ধু। সে জানায়, মুঠোফোন ও মুঠোফোনের চার্জার না দেওয়ার কারণে প্রান্তকে হত্যা করেছে তারা।

তবে প্রান্তের চাচা ভজন সাহা অভিযোগ করেছেন, উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় প্রান্ত ও শুভর মামা মহাদেব সাহার একটি মুদির দোকান রয়েছে। শুভ ওই দোকানের কর্মচারী ছিলেন। প্রান্তও মাঝেমধ্যে সেখানে যেত। সম্প্রতি শুভ মাদক সেবন শুরু করেন। নেশার জন্য দোকান থেকে টাকা চুরি করতেন তিনি। বিষয়টি টের পেয়ে মহাদেব সাহাকে জানায় প্রান্ত। তিনি তখন শুভকে দোকান থেকে বের করে দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শুভ তাঁর লোকজন নিয়ে প্রান্তকে হত্যা করেছেন।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুজ্জামান বলেন, প্রান্তর বন্ধু হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। তাকে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে। আর গতকাল বিকেলে সাত দিনের রিমান্ড আবেদন করে শুভকে আদালতে পাঠানো হয়েছে।