মাসে দুই-তিন দিন অফিস করেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের জেলা তথ্য কর্মকর্তা হাসান পারভেজ মাসে দুই-তিন দিন অফিস করেন। ওই কর্মকর্তা মাসের বাকি দিনগুলো অনুপস্থিত থাকেন। কর্মস্থলে যোগদানের পর থেকেই তিনি এভাবে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে জেলা তথ্য কার্যালয়ে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের একাধিক দিন খোঁজ নিয়ে এর সত্যতাও পাওয়া গেছে। গত ২৯ সেপ্টেম্বর জেলা তথ্য কার্যালয়ে গিয়ে দেখা যায়, হাসান পারভেজ কার্যালয়ে অনুপস্থিত। তাঁর কক্ষের পাশে বসা অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. আবু এমরান বলেন, ‘স্যার অসুস্থ। এ কারণে অফিসে নেই।’

১৬ অক্টোবর গিয়েও তাঁকে পাওয়া যায়নি। পরে ওই দিন জেলা তথ্য কর্মকর্তার কক্ষ থেকে বেরিয়ে পাশের কক্ষে থাকা হাজিরা খাতা ঘেঁটে দেখাযায়, ওই দপ্তরে হাসান পারভেজসহ নয়জন কর্মকর্তা-কর্মচারী কাজ করেন। হাসান পারভেজের অধীন সব কর্মকর্তা-কর্মচারী সরকারি ছুটির দিন বাদে অক্টোবর মাসের শুরু থেকে ১৬ তারিখ পর্যন্ত হাজিরা খাতার নিজ নিজ ঘরে সই করেছেন। কিন্তু দেখা যায়, ২৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত হাসান পারভেজের কোনো সই নেই। হাসান পারভেজ ছুটিতে আছেন কি না, জানতে চাইলে এপিএই অপারেটর মো. সারোয়ার হোসেন বলেন, ‘স্যার ছুটিতে আছেন।’ ছুটির কোনো কাগজ দেখানো যাবে নাকি? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কাগজপত্র তালামারা আছে। স্যার আগামীকাল অফিস করবেন, আপনি আগামীকাল আসলে ভালো হয়।’

১৮ অক্টোবর জেলা তথ্য কর্মকর্তার কক্ষে গিয়ে দেখা যায়, হাসান পারভেজ তাঁর কক্ষে দাপ্তরিক কাজ করছেন। ওই দিন হাজিরা খাতা ঘেঁটে দেখা গেল, অফিসে অনুপস্থিত থাকলেও সরকারি ছুটির দিন বাদে ১থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সব কর্মদিবসে তাঁর সই রয়েছে।

গতকাল রোববার আবারও জেলা তথ্য কার্যালয়ের হাজিরা খাতা ঘেঁটে দেখা গেল, ১৯ তারিখের পর থেকে হাসান পারভেজ হাজিরা খাতায় কোনো সই করেননি। অর্থাৎ ১৮ ও ১৯ অক্টোবর অফিস করার পর তিনি আর অফিসে আসেননি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কার্যালয়ের এক কর্মকর্তা আক্ষেপ করে বলেন, ‘স্যার মাঝেমধ্যে অফিস করেন। হিসাব করলে প্রতি মাসে অফিসে তাঁর গড় হাজিরা দুই থেকে তিন দিন। এ কারণে অফিসের কাজও হালনাগাদ থাকে না। দপ্তরপ্রধান কর্মস্থলে অনিয়মিত থাকলে কাজ ঠিকমতো কী করে হয়।’

জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১ এপ্রিল ঠাকুরগাঁওয়ে জেলা তথ্য কর্মকর্তার পদে যোগদান করেন হাসান পারভেজ। তখন থেকেই তিনি কর্মস্থলে অনিয়মিত। খোঁজ নিয়ে জানা গেছে, হাসান পারভেজ মাসের অধিকাংশ দিন ঢাকায় মিরপুরে তাঁর বাবার বাড়িতে থাকেন।

এ বিষয়ে জানতে হাসান পারভেজের সঙ্গে গত তিন-চার দিন মুঠোফোনে অন্তত ৩০ বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

যোগাযোগ করা হলে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক কামরুন নাহার গতকাল সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমাদের জানা ছিল না। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’