মাসে ২৮টি শিশু হত্যা ও ৪৯টি ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারহীনতা, বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতাসহ বিভিন্ন কারণে গত বছর গড়ে প্রতি মাসে ২৮টি শিশু হত্যা ও ৪৯টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। ২৬৯টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) জাতীয় মোর্চা বাংলাদেশ শিশু অধিকার ফোরামের ‘শিশু অধিকার পরিস্থিতি-২০১৭’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

আজ সোমবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এ প্রতিবেদনের তথ্য প্রকাশ করা হয়েছে। ১০টি জাতীয় দৈনিক পত্রিকার সংবাদ পর্যালোচনা করে ফোরামের পক্ষ থেকে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর মোট ৩ হাজার ৮৪৫টি শিশু বিভিন্ন ধরনের সহিংসতা ও নির্যাতনের শিকার হয়। ২০১৬ সালে ৩ হাজার ৫৮৯ শিশু নির্যাতনের শিকার হয়। সামগ্রিকভাবে শিশু নির্যাতন-নিপীড়নের ঘটনা বেড়েছে ৭ দশমিক ১৩ শতাংশ।

গত বছর ৩৩৯টি শিশু হত্যা ও ৫৯৩টি শিশু ধর্ষণের শিকার হয়, যা ২০১৬ সালের তুলনায় যথাক্রমে ২৮ ও ৩৩ শতাংশ বেশি। গত বছর ৫০টি শিশুকে হত্যা করেন তাদের বাবা-মা। ধর্ষণের পর হত্যা করা হয় ২১টি শিশুকে।

গত বছর ছয় বছর বয়সের চেয়ে কম বয়সী ৪০টি শিশু ধর্ষণের শিকার হয়। ১৪টি ছেলে শিশু বলাৎকারের শিকার হয়। বছরটিতে ধর্ষণের শিকার ৫৯৩টি শিশুর মধ্যে গণধর্ষণের শিকার হয় ৭০টি শিশু। ২৫টি শিশু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের দ্বারা ধর্ষণের শিকার হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, এককথায় বলা যায়, শিশু পরিস্থিতির অবনতি ঘটেছে। বিচারহীনতার সংস্কৃতির জন্য অপরাধীরা ভাবছে, অপরাধ করে তো পার পাওয়া যায়। এ অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য না। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। নিঃসন্দেহে এ ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা ও দায়িত্ব আছে।

প্রতিবেদন বলছে, গত বছর ৪৪টি শিশু হত্যা, ৩২টি শিশু ধর্ষণ ও ৬টি শিশু অপহরণ মামলার রায় হয়েছে, যার মধ্যে চার-পাঁচটি ঘটনা ছাড়া বাকি সব ঘটনা ঘটেছিল ২০১০-২০১৪ সালে বা তারও আগে। বাংলাদেশ পুলিশের তথ্য দিয়ে বলা হয়েছে, গত বছর ১৫ হাজার ৭০৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, যার অধিকাংশ বিচারাধীন।

অনুষ্ঠানে শিশু অধিকার পরিস্থিতি-বিষয়ক প্রতিবেদনটি পড়ে শোনান শিশু অধিকার ফোরামের পরিচালক আবদুস সহিদ মাহমুদ। প্রতিবেদনে ২০১৬ ও ২০১৭ সালের তুলনামূলক আলোচনায় বলা হয়েছে, গত বছর অপমৃত্যুর ঘটনা বাড়ে প্রায় ১৯ শতাংশ। সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যু বাড়ে প্রায় ৪২ শতাংশ।

গত বছর গণধর্ষণ, প্রতিবন্ধী শিশু ধর্ষণ, বখাটেদের হাতে মারধর, কুপিয়ে জখম করা ও গোপনে অশ্লীল ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রবণতা বেড়ে যায়। তবে বছরটিতে বাল্যবিবাহ, মা-বাবার হাতে শিশু হত্যা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের শারীরিক নির্যাতন ও কথিত চুরির অপরাধে শিশুদের পিটিয়ে নির্যাতনের সংখ্যা, রাজনৈতিক সহিংসতায় শিশু মৃত্যু কমেছে।

অনুষ্ঠানে কাজী রিয়াজুল হক বলেন, দেশের মোট জনসংখ্যার মধ্যে শিশুর সংখ্যা সাত থেকে আট কোটি। সরকার এই শিশুদের জন্য কতটুকু দায়িত্ব পালন করেছে সে বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ২০১৩ সালে শিশু আইন করা হয়েছে। আইনটি বাস্তবায়নে এখন পর্যন্ত বিধিমালা তৈরি হয়নি। শিশুদের মতামত শোনার জন্য একটি শিশু অধিকারবিষয়ক কমিশন এবং পৃথক শিশুবিষয়ক অধিদপ্তর গঠন করেনি সরকার। শিশুদের কথা বলার অধিকারসংক্রান্ত জাতিসংঘ শিশু অধিকার সনদের অপশনাল প্রটোকল-৩ অনুমোদন করেনি।

ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে রিয়াজুল হক বলেন, এ বিষয়গুলো বাস্তবায়ন করবে বলে সরকার বারবার আশ্বাস দিচ্ছে। কিন্তু সরকারকে বুঝতে হবে, মানুষের প্রত্যাশার বাঁধ ভেঙে যাচ্ছে।

অনুষ্ঠানে শিশু অধিকার ফোরামের চেয়ারম্যান ইমরানুল হক চৌধুরী জাতীয় সংসদের পূর্ণদিবসে অন্ততপক্ষে দুই দিন সবাই যাতে শিশুর জন্য কথা বলেন, সে আহ্বান জানান।