মাহমুদুর রহমানের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের স্ত্রী ফিরোজা মাহমুদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কমিশনের উপপরিচালক হারুনুর রশীদ বাদী হয়ে রোববার রাজধানীর রমনা থানায় মামলাটি করেন বলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।

প্রণব কুমার ভট্টাচার্য বলেন, ‘দুদকে দাখিল করা ফিরোজা মাহমুদের সম্পদ বিবরণীতে দুটি ফ্ল্যাটের মূল্য ৭৩ লাখ ৮৪ হাজার ৮০০ টাকা দেখিয়েছেন। প্রকৃতপক্ষে ফ্ল্যাট দুটির মূল্য ১ কোটি ৩৭ লাখ ৯৭ হাজার ৭৮০ টাকা। এখানে তিনি ৬৪ লাখ ১২ হাজার ৯৮০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন, যা তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ।’

দুদকের অনুসন্ধানে ওই অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় এ মামলা করা হয় বলে জানিয়েছেন তিনি।

মামলার এজাহারে বলা হয়, ফিরোজা মাহমুদ বৈধ উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পত্তি দখলে বা মালিকানা অর্জন করেছেন বলে সম্পদ বিবরণী দাখিল করতে ২০১০ সালে নোটিশ দেয় দুদক। এরপর তিনি হাইকোর্টে ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করেন। এই রিট আবেদন শুনানি শেষে হাইকোর্ট দুদকের নোটিশের কার্যকারিতা স্থগিত করে। পরবর্তী সময়ে রিটটি নিষ্পত্তি করে ফিরোজা মাহমুদকে দুদকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেন।

এজাহারে আরও বলা হয়, ফিরোজা মাহমুদ সম্পদ বিবরণী দাখিল করলে এর সত্যতা যাচাইয়ে ২০১৬ সালে অনুসন্ধান করে দুদক। এতে দেখা যায়, তিনি ১৯৯৯ সাল থেকে ২০০৪ সালের মধ্যে রাজধানীর গুলশান-২ এলাকার ৭৭ নম্বর রোডের ১ নম্বর বাড়ির ‘র‌্যাংগস কোমার গার্ডেনের’ তৃতীয় তলার ওই দুটি ফ্ল্যাট কিনেন।