মাহিদুল হত্যার ঘটনায় আরও দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে স্কুল ছাত্র মাহিদুল ইসলাম ওরফে ইমন হত্যায় জড়িত থাকার অভিযোগে সুজন ও হৃদয় নামের আরও দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে মিরপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মাহিদুল হত্যায় তিনজন গ্রেপ্তার হলো।

গতকাল রাতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ্‌উদ্দিন খান প্রথম আলোকে বলেন, মাহিদুল হত্যার পর রক্তমাখা ছুরিসহ মো. সুজন নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ওই হত্যাকাণ্ডে অংশ নেওয়া কয়েজনের নাম বলেছিলেন। গতকাল গ্রেপ্তার হওয়া সুজন ও হৃদয়ের নাম তাঁদের মধ্যে রয়েছে।
মহল্লার সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে গত ১৫ সেপ্টেম্বর রাতে মিরপুর ৬ নম্বর সেকশনের এ ব্লকের নিজ বাসার কাছে ছুরিকাঘাতে খুন হয় স্কুলছাত্র মাহিদুল ইসলাম। মাহিদুল ছিল জুনিয়র পক্ষের। নিহত মাহিদুল মিরপুর ৬ নম্বর সেকশনের আদর্শ বিদ্যানিকেতনের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।