মায়া দেগুইতোর বিরুদ্ধে রিজাল ব্যাংকের মামলা
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির লক্ষ্যে জাল কাগজপত্র তৈরির অভিযোগে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোর বিরুদ্ধে মামলা হয়েছে। ব্যাংকটির কর্তৃপক্ষ গতকাল বুধবার এ মামলা দায়ের করে।
অর্থ চুরির ওই কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে আরসিবিসির জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক দেগুইতো ইতিমধ্যে চাকরি হারিয়েছেন। তিনি উইলিয়াম গো সো নামের একজন ব্যবসায়ীর নামে ব্যাংক হিসাবে ওই চোরাই অর্থ পাঠানোর ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে।
নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে চুরি যাওয়া বাংলাদেশ ব্যাংকের অর্থের মধ্যে ৬ কোটি ৬০ লাখ ডলার রিজাল ব্যাংকে ব্যবসায়ী গো সোর নামে খোলা কয়েকটি হিসাবে পাঠানো হয়েছিল। তবে গো সো দাবি করেছেন, এগুলো তাঁর ব্যাংক হিসাব নয়।
ব্যাংকের নীতিমালা লঙ্ঘন এবং জাল কাগজপত্র তৈরিতে জড়িত থাকার অভিযোগে তোরেসকেও গত সপ্তাহে বরখাস্ত করা হয়েছে। দেগুইতো ও তোরেসের বিরুদ্ধে আগামী সপ্তাহের মধ্যে আদালতে আনুষ্ঠানিক মামলা করবে বলে জানিয়েছে রিজাল ব্যাংক কর্তৃপক্ষ।