মায়ের আবেদনে সন্তানের কারাদণ্ড
নেশার টাকা জোগাড় করতে না পারলে বাড়ির জিনিসপত্র চুরি করেন। টাকার জন্য মা-বাবাকে নির্যাতন করেন। এমন নানা ধরনের অন্যায় করে চলছিলেন দিনাজপুরের বিরামপুর পৌর শহরের দুই যুবক।
দিনের পর দিন এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ওঠে তাঁদের পরিবার। নিরুপায় হয়ে ওই দুই যুবকের মায়েরা প্রিয় সন্তানদের প্রশাসনের হাতে তুলে দিয়ে বিচার চেয়েছেন।
মায়েদের দাবিও পূরণ করে উপজেলা প্রশাসন। আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মনোয়ার হোসেন (৩০) ও মিলন মিয়া (২৫) নামের ওই দুই যুবককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
এ ব্যাপারে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনিরুজ্জামান আল মাসউদ প্রথম আলোকে জানান, মনোয়ারের মা গতকাল তাঁর সন্তানের মাদক সেবনের বিচার চেয়ে তাঁর কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে ভিত্তিতে আজ মনোয়ারকে নিজ বাড়িতে হেরোইন সেবনরত অবস্থায় পুলিশ আটক করে। মিলনের মা তাঁর সন্তানকে সরাসরি তাঁর কাছে নিয়ে এসে বিচার চান। মিলন ফেনসিডিল ও ইয়াবা সেবনের কথা স্বীকার করেন। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবকদের এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
মনোয়ারের মা রাবেয়া খাতুন ও মিলনের মা হামিদা বেগম জানান, গত কয়েক বছর তাঁদের ছেলেরা হেরোইন, ফেনসিডিল ও ইয়াবায় আসক্ত। নেশার টাকা জোগাড় করতে বাড়ির জিনিসপত্র চুরি করে বিক্রি করতেন। এসবে বাধা দিতে গেলে তাঁদের মারধর করতেন। মাদক থেকে ফেরাতে অনেক চেষ্টা করেছেন। টাকা-পয়সাও খরচ করেছেন। কিন্তু ফেরাতে না পেরে বাধ্য হয়েই প্রশাসনের হাতে তুলে দিয়ে বিচার দাবি করেছেন।
মনোয়ারের বাড়ি বিরামপুর পৌর শহরের ঈদগা বস্তি মহল্লায় আর কাটলা ইউনিয়নের দামারপাড়া গ্রামে মিলনের বাড়ি।