মায়ের করা মামলায় দুই ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে জাহেদা বেগমের করা মামলায় তাঁর দুই ছেলেকে শনিবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে।

গ্রেপ্তার হওয়া দুই ভাই হলেন রফিক আলম (৩২) ও খুরশিদ আলম (৩০)। জমি, টাকাপয়সা, বাড়ির ফলগাছ কাটা, ফল লুটপাট ও মাদকসেবনের পাশাপাশি হত্যার হুমকির অভিযোগে ওই দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন মা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, সাবরাং আছারবনিয়ার গ্রামের মৃত কবির আহমদের স্ত্রী জাহেদা বেগম। ২১ সেপ্টেম্বর কক্সবাজারে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে দুই ছেলের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। শনিবার দিবাগত রাত ১২টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ হেফাজতে থাকা রফিক আলম ও খুরশিদ আলমের ভাষ্য, তাঁরা দুই ভাই ১০ থেকে ১২ বছর ধরে সৌদি আরবে ছিলেন। সেখান থেকে পাঠানো টাকা মায়ের নামে ব্যাংকে জমা ছিল। বাবা মারা যাওয়ার পর দুজনই দেশে ফেরত আসেন। বাড়িতে থাকা দুই বোনকে বিয়ে দেন এবং নিজেরাও বিয়ে করেন। মায়ের কাছে রাখা টাকা পারিবারিক কাজে ব্যবহার করায় তিনি ক্ষিপ্ত হয়ে এ মিথ্যা অভিযোগে মামলা দিয়েছেন।