মায়ের ঝগড়ার জেরে প্রাণ গেল শিশুর!
শরীয়তপুরের গোসাইরহাটে আজ শুক্রবার ছয় মাসের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, মীমের মায়ের সঙ্গে প্রতিবেশী এক নারীর ঝগড়ার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী আলাউদ্দিন খানের স্ত্রী পিয়ারা বেগমকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে।
গোসাইরহাট থানার পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, চার দিন আগে মীমের মা শিল্পী বেগমের সঙ্গে প্রতিবেশী আলাউদ্দিন মাঝির স্ত্রী পিয়ারা বেগমের ঝগড়া হয়। শুক্রবার শিল্পী বেগম শিশু মীমকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে বাইরে কাজ করছিলেন। বেলা ১২টার দিকে ঘরে গিয়ে বিছানায় মেয়েকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। বেলা একটার দিকে ঘরের পেছনে একটি পরিত্যক্ত লাকড়ির ঘরের মধ্যে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় শিশু মীমের মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে গোসাইরহাট থানায় নিয়ে আসে।
মীমের দাদি সাহিদা বেগম বলেন, ‘আমার ছেলেটার একমাত্র মেয়ে ছিল মীম। সামান্য ঝগড়ার কারণে পাষণ্ডরা আমার নাতনিকে মেরে ফেলবে তা ভাবতেও পারিনি। দুধের শিশুর সঙ্গে এমন শত্রুতা কোনো মানুষ করতে পারে? এই খুনিদের ফাঁসি হওয়া উচিত।’
মীমের মরদেহ পাওয়ার পর বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার মা শিল্পী বেগম। মেয়ের লাশের পাশে বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি। খবর পেয়ে কাজ থেকে বাড়িতে ছুটে আসেন বাবা বিল্লাল হোসেন। প্রিয় সন্তানকে হারিয়ে তিনিও বিলাপ করছিলেন। প্রতিবেশীরা তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন।
বিল্লাল হোসেন বলেন, ‘কারও সঙ্গে আমাদের তেমন কোনো বিরোধ নেই। সামান্য বিষয় নিয়ে আমার স্ত্রীর সঙ্গে প্রতিবেশী পিয়ারা বেগমের ঝগড়া হয়। এ কারণে তাঁরা আমার সন্তানকে হত্যা করেছে।’
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন বলেন, ‘দুধের শিশুকে হত্যার ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। শিশু হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জনতা পিয়ারা বেগম নামে এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করছি। তদন্ত না করে বলা যাচ্ছে না কি কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে।’