মায়ের বুকে ফিরল আজিমুল হক
দেড় বছরের শিশু আজিমুল হক ওরফে রাজাকে ফিরে পেল তার মা-বাবা। অপহৃত ছেলেকে ফিরে পেয়ে মা আশেরা খাতুন খুশিতে কেঁদেই ফেলেন। মেহেরপুর সদর থানায় গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
অপহৃত আজিমুল মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আনারুল ইসলাম ও আশেরা খাতুনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গৃহরিচারিকা আঁখি খাতুন (২৭) শিশুটিকে নিয়ে বাসে করে মেহেরপুরের গাংনীর দিকে পালিয়ে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ মেহেরপুর কলেজ মোড়ে বাসে তল্লাশি করে আজিমুলকে উদ্ধার ও আঁখিকে আটক করে। গতকাল শুক্রবার আঁখিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাবা আনারুল জানান, তাঁর স্ত্রী আশেরা ঝিনাইদহে একটি বেসরকারি সংস্থায় (এনজিও) চাকরি করেন। চাকরির কারণে আশেরা ছেলে আজিমুলকে নিয়ে কর্মস্থল ঝিনাইদহে নিয়ে থাকেন। শিশু আজিমুলকে দেখাশোনার জন্য তিনি দুই মাস আগে নিজের বাড়ি দারিয়াপুর গ্রামের আঁখিকে গৃহপরিচারিকা হিসেবে সেখানে নিয়ে যান।
আশেরা বলেন, গৃহপরিচারিকা আঁখির সঙ্গে মুঠোফোনে গাংনী উপজেলার বামুন্দী গ্রামের রানা নামের এক ছেলের সম্পর্ক গড়ে ওঠে। গত বৃহস্পতিবার সকালে তিনি অফিসে গেলে শিশু আজিমুলকে নিয়ে আঁখি পালিয়ে যান। দুপুরে বাড়িতে গিয়ে কাউকে না পেয়ে তিনি বিষয়টি স্বামী আনারুলকে জানান। আনারুল ভিন্ন নম্বর থেকে রানা পরিচয় দিয়ে আঁখিকে ফোন করেন। এ সময় আঁখি জানান, তিনি বাসে শিশুটিকে নিয়ে মেহেরপুরের বারাদী এলাকা অতিক্রম করছেন। বামুন্দী পৌঁছাতে আরও এক ঘণ্টা সময় লাগবে।
পুলিশের কাছে আটক হওয়ার পর আঁখি বলেন, তিনি আজিমুলকে নিয়ে বামুন্দী যাচ্ছিলেন। তিনি শিশু পাচারকারী নন।
সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অজিত কুমার বলেন, শিশুর বাবার অভিযোগ পেয়ে পুলিশের একটি দল মেহেরপুরের কলেজ মোড়ে ঝিনাইদহ হয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুরগামী লোকাল বাসের জন্য অপেক্ষা করতে থাকেন। শিশু আজিমুলকে বহনকারী বাসটি রাত আটটার দিকে সেখানে পৌঁছালে পুলিশ সদস্যরা বাসে তল্লাশি শুরু করেন। এ সময় তাঁরা শিশু আজিমুলকে উদ্ধার এবং আঁখিকে আটক করেন। পরে শিশুটির মা-বাবা সদর থানায় পৌঁছালে তাঁদের আজিমুলকে তুলে দেওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, আঁখি ও রানার মধ্যে সম্পর্ক ছিল। তাঁরা শিশু পাচারকারী কি না, তা তদন্ত করা হচ্ছে। তাঁদের দুজনকে আসামি করে শিশু অপহরণ আইনে গতকাল আশেরা খাতুন একটি মামলা করেছেন।