মায়ের লাশ গাছে, পুকুরে দুই সন্তানের!
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড়ভাকৈর গ্রাম থেকে দুই সন্তানসহ এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী ফরিদ মিয়াকে (৪০) আটক করা হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন রুমেনা খাতুন (৩০) ও তাঁর দুই সন্তান মুসলিমা খাতুন (৯) ও মুসা মিয়া (৫)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বর্গাচাষি ফরিদ মিয়া স্ত্রী ও সন্তান নিয়ে বড়ভাকৈর গ্রামে নিজ বাড়িতে থাকতেন। গতকাল রোববার সকালে তাঁর স্ত্রী রুমেনা খাতুনের লাশ বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। আর তাঁর বাড়ি লাগোয়া একটি পুকুরে ভাসমান অবস্থায় মুসলিমা ও মুসার লাশ দেখা যায়। তখন এলাকার লোকজন পুলিশে খবর দেয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে পাঠায়।
রুমেনা খাতুনের স্বামী ফরিদ মিয়া জানান, শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষ করে স্ত্রী-সন্তানদের নিয়ে অন্যান্য দিনের মতো ঘুমিয়ে পড়েন তিনি। হঠাৎ রাত দুইটার দিকে তাঁর ঘুম ভেঙে যায়। তখন তিনি দেখেন স্ত্রী ও সন্তানেরা তাঁর পাশে নেই। বাড়ির বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাদের লাশ দেখতে পান। ফরিদের দাবি, রুমেনা মানসিক রোগী ছিলেন। তিনি সন্তানদের পুকুরে ফেলে দিয়ে নিজে আত্মহত্যা করেছেন।
বড়ভাকৈর ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি ফরিদ মিয়ার স্ত্রী রুমেনাকে চিনতেন। রুমেনা মানসিক রোগী ছিলেন কি না, তা তাঁর জানা নেই।
রুমেনা খাতুনের বাবার বাড়ি নবীগঞ্জ উপজেলার মামদপুর গ্রামে। তাঁর নিকটাত্মীয় মাসুক মিয়া জানান, দীর্ঘদিন ধরে তাঁদের দাম্পত্য কহল চলছিল। এ কলহের জের ধরে প্রায় দুই মাস আগে রুমেনা তাঁর দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন। পরে সালিস-মীমাংসায় তাঁকে স্বামীর বাড়ি পাঠানো হয়। তাঁর পরিবারের ধারণা, স্বামীর নির্যাতনে সে এই পথ বেছে নিয়েছে। তাঁরা ফরিদ মিয়ার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা মামলা করবেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্তানদের হত্যার পর রুমেনা আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি বোঝা যাবে। ফরিদ মিয়াকে আটক করা হয়েছে। তদন্তে প্রমাণ হলে তাঁর বিরুদ্ধে মামলা হবে।