মায়ের লাশের পাশে কাঁদছিল শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

শিশুটির অবিরাম কান্না শুনে প্রতিবেশীরা এসে দেখেন, ঘরের মধ্যে পড়ে রয়েছে গৃহবধূর নিথর দেহ। তিন বছর বয়সী শিশুটি ছাড়া আশপাশে কেউ নেই। ওই বাড়িতে থাকা স্বামী, ননদ ও ননদের স্বামী পালিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রফিয়া বেগম (২০) নামের এক গৃহবধূর লাশ ঘরে পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। অভিযোগ উঠেছে, শিশুপুত্রের সামনে তাঁকে পিটিয়ে হত্যা করে পালিয়েছেন স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, পাঁচ বছর আগে সরাইল উপজেলা সদরের নিজ সারাইল গ্রামের মজলক মিয়ার ছেলে ফারুক মিয়ার (২৯) সঙ্গে একই গ্রামের মমিন মিয়ার মেয়ে রফিয়া বেগমের বিয়ে হয়। তাঁদের তিন বছরের একটি পুত্রসন্তান রয়েছে। রফিয়া স্বামী, ছেলে, ননদ ও ননদের স্বামীকে নিয়ে বসবাস করতেন। তাঁর শ্বশুর-শাশুড়িসহ শ্বশুরবাড়ির অপর লোকজন ওই বাড়ি থেকে কিছুটা দূরে বাস করেন। অভাব-অনটন নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আজও সারা দিন দুজনের ঝগড়া হয়েছে। বিকেল পাঁচটার দিকে প্রতিবেশীরা রফিয়ার শিশুপুত্রের কান্না শুনে ঘরে গিয়ে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে রফিয়াকে উদ্ধার করে গ্রামের নারী চৌকিদার রেহেনা বেগম স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা এ কে এম মুস্তাকিব বিল্লাহ প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার এক-দেড় ঘণ্টা আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। গৃহবধূর গলায়, চোখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আঘাত ও শ্বাসরোধের কারণে তাঁর মৃত্যু হতে পারে।

রফিয়া বেগমের মা মেহেরছান (৫০) আহাজারি করে বলেন, ‘আমার মেয়েডারে হাত-পাও বাইন্দা ফারুক ও তার লোকজন পিডাইয়া মাইরা ফালাইছে। এর আগেও মারতে চাইছে।’

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূইয়া প্রথম আলোকে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ নিহত গৃহবধূর লাশ উদ্ধার করেছে। গৃহবধূর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে এটিকে হত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।