মায়ের লাশের পাশে বসে কাঁদছিল শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাটের ওপর মায়ের নিথর দেহ। পাশে একমাত্র সন্তান পাঁচ বছরের নাসরিন মাকে ডেকে চলেছে আর কাঁদছে। কিন্তু মা না ওঠার কারণে কান্নার আওয়াজ যেন বেড়েই চলছিল। আজ শনিবার ঢাকার সাভার পৌর এলাকার ভাটপাড়া মহল্লার একটি বাসায় এমন দৃশ্য দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত এ মায়ের নাম আসমা আক্তার (২৫)। পুলিশের ধারণা, আসমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগ, সাবেক স্বামীই আসমাকে হত্যা করেছেন।

আসমার গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তিনি নাসরিনকে নিয়ে ভাটপাড়ার বাসায় ভাড়া থাকতেন। তিনি সাভারের শিমুলতলা এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।

আসমার প্রতিবেশী কয়েকজনের ভাষ্য, ছুটির দিন হওয়ায় গতকাল শুক্রবার সারা দিন বাসায় ছিলেন আসমা। সকালে তাঁরা নাসরিনের কান্নার শব্দ পান। অনেক ক্ষণ হওয়ার পরও কান্না না থামায় তাঁরা গিয়ে দেখেন, আসমার ঘরের দরজা খোলা। খাটের ওপর নিথর পড়ে আছেন আসমা। আর পাশে বসে কাঁদছে নাসরিন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

আসমার ভাই মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, প্রায় সাত বছর আগে মানিকগঞ্জের সিঙ্গাইরের নাসির মিয়া নামের এক ব্যক্তির সঙ্গে আসমার বিয়ে হয়। কিন্তু দুই বছর পর পারিবারিক কলহের জেরে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। নাসির আরেকটি বিয়েও করেন। কিন্তু সম্প্রতি নাসির তাঁর বোনের সঙ্গে পুনরায় সম্পর্ক গড়েন। মাসুদুর বলেন, হয়তো কোনো কারণে নতুন করে গড়ে ওঠা সম্পর্কে সমস্যা দেখা দেওয়ায় আসমাকে হত্যা করেছেন নাসির।

পুলিশ আজ দুপুরে সাভারের আড়াপাড়ায় গিয়ে নাসিরের বাসা তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। আশপাশের লোকজনও তাঁর বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। নাসির একজন রিকশাচালক।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে নাসির অথবা অন্য কেউ আসমাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

এদিকে আজ সাভারের হেমায়েতপুর এলাকার একটি বিল থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২২) লাশ উদ্ধার করা হয়েছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, যুবককে শ্বাসরোধে করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।