মায়ের সামনে ছেলেকে পিটিয়ে হত্যা!
কুমিল্লার চান্দিনা উপজেলার ধেরেরা গ্রামে গতকাল শুক্রবার সকালে মায়ের সামনে শাহ আলম (২৫) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শাহ আলমের স্ত্রী মনি আক্তার জানান, তাঁর স্বামী গতকাল সকালে বাড়ি থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর তিনি খবর পান, শাহ আলমকে একই গ্রামের এক বাড়িতে বেঁধে রাখা হয়েছে। খবর পেয়ে সেখানে ছুটে যান তিনি (মনি) ও তাঁর শাশুড়ি। দেখতে পান, সাত-আটজন লোক প্রচণ্ড মারধর করছে শাহ আলমকে।
মনি আক্তার আরও বলেন, ‘স্বামীকে রক্ষায় আমার শাশুড়ি এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয়। একপর্যায়ে আমার স্বামীর মৃত্যু হয়।’
শাহ আলমের মা ফিরোজা বেগম (৪৫) বলেন, ‘নিজের চোখের সামনে আমার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়। এ দৃশ্য আমাকে দেখতে হয়েছে।’
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ঝড়ে পড়ে থাকা একটি গাছের নিচে রক্তমাখা লাশ পড়ে আছে। তাঁর মাথায় আঘাত রয়েছে। মাটিতে রক্তের ছোপ।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শাহ আলমের লাশ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় গতকাল রাত নয়টা পর্যন্ত কোনো মামলা করা হয়নি।
চৌদ্দগ্রামে ইজিবাইকচালক খুন: বৃহস্পতিবার রাতে উপজেলার মুন্সীরহাট বাজার থেকে তারেক হোসেন ও আবদুর রাজ্জাক নামের দুই ব্যক্তি হাজারীপাড়া গ্রামে যাওয়ার জন্য মানিক মিয়ার ইজিবাইকে চড়েন। রাত ১১টায় গন্তব্যে পৌঁছানোর পর ভাড়া নিয়ে মানিকের সঙ্গে ওই দুই যাত্রীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মানিককে ছুরিকাঘাত করা হয়। পরে আহত অবস্থায় তাঁকে মুন্সীরহাটের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে মানিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।