বাবাকে খুনের অভিযোগে মা ও বড় দুই ভাইবোন কারাগারে। দুই শিশুকে দেখার মতো পরিবারে আর কেউ নেই। স্বজনেরাও কেউ আশ্রয় দিতে রাজি নয়। এ অবস্থায় দুই শিশুর ঠাঁই হলো সরকারি শিশু পরিবারে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী এই আদেশ দেন।
গত শুক্রবার নগরের সদরঘাট এলাকায় তৈয়ব আলী (৪৫) নামের এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে নৃশংসভাবে খুন করা হয়। এক দিন পর লাশটি গুমের জন্য নালায় ফেলতে গেলে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ে যায় ছেলে। এই ঘটনায় নিহতের ছোট ভাই জসীম উদ্দিন বাদী হয়ে সদরঘাট থানায় মামলা করেন। এই মামলায় তৈয়ব আলীর স্ত্রী কোহিনুর বেগম, বড় ছেলে মো. সোহেল, বড় মেয়ে জান্নাতুল ফেরদৌসকে গ্রেপ্তার করে গত রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে নেশার টাকার জন্য নির্যাতন করায় তৈয়বকে খুন করার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন আসামিরা।
মামলার তদন্ত কর্মকর্তা সদরঘাট থানার উপপরিদর্শক (এসআই) নয়ন বড়ুয়া গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, নিহত তৈয়বের স্ত্রী ও দুই সন্তান কারাগারে রয়েছেন। তাঁর নয় বছর বয়সী একটি ছেলেশিশু এবং এগারো বছর বয়সী আরেকটি মেয়েশিশু রয়েছে। পরিবারে তাদের দেখভাল করার মতো কেউ না থাকায় নগরের রৌফাবাদ শিশু পরিবারে পাঠানোর জন্য আদালতে আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেন। আপাতত শিশু দুটি পুলিশের হেফাজতে আছে। মঙ্গলবার সকালে তাদের শিশু পরিবারে পাঠানো হবে।
গতকাল বিকেলে আদালত প্রাঙ্গণে দেখা গেছে, পরিবার ও স্বজনবিহীন শিশু দুটি মলিন মুখে বসে আছে। কিছুক্ষণ পরপরই তারা কাঁদছে।
দুই শিশুর ছোট চাচা ও মামলার বাদী জসীম উদ্দিন বলেন, তাঁর করা মামলায় ভাইয়ের স্ত্রী কারাগারে আছেন। ভবিষ্যতে জামিন পেলে ছোট দুই সন্তানের সূত্র ধরে ভাইয়ের স্ত্রী তাঁর ক্ষতি করতে পারেন। এই আশঙ্কায় শিশু দুটির লালনপালনের দায়িত্ব নিচ্ছেন না। তবে শিশু পরিবারে থাকলেও তাদের খোঁজখবর নিয়মিত নেবেন।