মা-মেয়ে এক বছর ধরে একঘরে
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পিতৃপরিচয়হীন সন্তানের জন্ম দেওয়ার অভিযোগে সমাজপতিরা এক নারী ও তাঁর মাকে এক বছর ধরে একঘরে করে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাজশাহীর বাগমারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই নারী।
ওই নারীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াই বছর আগে নওপাড়া ইউনিয়নের ওই নারীর সঙ্গে একজনের বিয়ে হয়। তবে বিয়ের আগে ওই নারীর সঙ্গে স্থানীয় জামাল উদ্দিনের প্রেম ছিল। এ কথা জানাজানি হওয়ায় বিয়ের ছয় মাসের মধ্যে ওই নারীর বিয়ে ভেঙে যায়। এরপর জামালের সঙ্গে ওই নারীর ঘনিষ্ঠতা হয়। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জামাল ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে ওই নারী বিয়ের জন্য জামালের বাড়িতে গিয়ে চাপ দেন। তবে সন্তান হওয়ার পর বিয়ের আশ্বাস দিয়ে তাঁকে ফেরত পাঠায় জামালের পরিবার। গত বছরের শুরুর দিকে তিনি কন্যাসন্তানের জন্ম দেন।
গত বছরের ফেব্রুয়ারি মাসে গ্রামের মাতব্বরেরা ওই নারী ও তাঁর পরিবারের লোকজনকে নিয়ে সালিস বসান। সালিসে তাঁর পরিবারকে একঘরে করেন মাতব্বরেরা। তাঁদের (মা-মেয়ে) সঙ্গে কেউ কথা বললেই তাকে এক হাজার টাকা জরিমানা করারও সিদ্ধান্ত নেন তাঁরা। সালিসের নেতৃত্ব দেন স্থানীয় নওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল মালেক, মাতব্বর আবুল কাশেমসহ স্থানীয় কয়েক ব্যক্তি।
সালিসে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, ওই নারী ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে মুসলমান সম্প্রদায়ের কেউ যোগাযোগ রাখতে পারবে না। তাদের সমাজের সব ধরনের কাজ থেকে বিরত রাখা হয়। এমনকি গ্রামের কোনো পুকুরে গোসল ও নলকূপের পানি সংগ্রহ করতে দেওয়া হচ্ছে না। পাশের হিন্দুপাড়া থেকে মা-মেয়েকে পানি সংগ্রহ করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা সুধান্য কুমার বলেন, পরিবারটিকে একঘরে করে রাখার কারণে তাঁদের পাড়ায় মা-মেয়ে কাজ করছেন এবং নলকূপের পানি সংগ্রহ করছেন।
ওই নারীর বৃদ্ধা মা (৬০) বলেন, তাঁদের সঙ্গে এলাকার কেউ যোগাযোগ রাখছে না। এমনকি দুই ছেলেও গ্রামপ্রধানদের ভয়ে যোগাযোগ রাখতে পারছে না। নাম প্রকাশ না করার শর্তে ওই গ্রামের ছয়-সাত ব্যক্তি বলেন, প্রভাবশালী জামালের পরিবারের কারণে বিধবা মা ও মেয়ের এই করুণ দশা। এ বিষয়ে ইউপি সদস্য আবদুল মালেক বলেন, জামালের সঙ্গে ওই নারীর ঘটনা সঠিক। তাঁরা (জামাল) প্রভাবশালী হওয়ায় সঠিক বিচার করা যায়নি।
গ্রামের মাতব্বর আবুল কাশেম বলেন, একঘরে নয়, অবৈধ সন্তান নিয়ে সমাজে বাস করায় তাঁদের সমাজ থেকে বাদ (সমাজচ্যুত) দেওয়া হয়েছে।
এ বিষয়ে জামাল ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা মন্তব্য করতে রাজি হননি।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখবেন।