মা-মেয়েসহ তিনজন খুন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বীর সিংহপাড়া গ্রামে মা-মেয়েসহ তিনজন খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
নিহত ব্যক্তিরা হলেন জাহানারা বেগম (৪৫), তাঁর মেয়ে শারমির আক্তার (২৬) ও প্রতিবেশী শিমুল মিয়া (২৫)।
এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন প্রথম আলোকে বলেন, বীর সিংহপাড়া গ্রামের সৌদিপ্রবাসী গিয়াস উদ্দিনের পরিবার বসবাস করত। তাঁর ছোট ভাই তাহের বিদেশ যাওয়ার টাকা দিতে তাঁর ভাই ও ভাবিকে চাপ দিতেন। গতকাল রাতেও তাহের তাঁর ভাবি জাহানারা বেগমকে টাকার জন্য চাপ দেন। একপর্যায়ে তিনি জাহানারাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। এ সময় মাকে বাঁচাতে শারমির আক্তার এগিয়ে গেলে তাঁকেও এলোপাতাড়ি কোপানো হয়। মা-মেয়ের চিৎকারে প্রতিবেশী যুবক শিমুল মিয়া এগিয়ে গেলে তাঁকেও কোপান তাহের। জাহানারা ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত শারমিন ও শিমুল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
এদিকে তাহের পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী তাঁকে আটক করে, পরে পুলিশে দেয়।
ওসি মোকতাদির আরও বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।