মিছিল ছত্রভঙ্গ করল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সাত দফা দাবিতে গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল বের করে। পরিবাগ এলাকায় পৌঁছার পর পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় আতঙ্কে পথচারীরা দৌড়াতে থাকেন (ইনসেটে) l ছবি: প্রথম আলো
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সাত দফা দাবিতে গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল বের করে। পরিবাগ এলাকায় পৌঁছার পর পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় আতঙ্কে পথচারীরা দৌড়াতে থাকেন (ইনসেটে) l ছবি: প্রথম আলো

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ ‘দেশবিরোধী’ সব চুক্তি বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও কাঁদানে গ্যাসের শেলের আঘাতে অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে দাবি করেছেন জাতীয় কমিটির নেতারা। তাঁরা বলেন, এ সময় ছয়জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। প্রতিবাদে কমিটির পক্ষ থেকে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিলটি শুরু হওয়ার আগে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী ছাড়াও নানা শ্রেণি-পেশার হাজার খানেক মানুষ অংশ নেন।

জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘প্রধানমন্ত্রীর যদি দেশের প্রতি, দেশের জনগণের প্রতি বিন্দুমাত্র দায়বদ্ধতা থাকে, তাহলে তাঁকে অনুরোধ করব, তিনি যেন সুন্দরবন-বিনাশী এই প্রকল্প বাতিল করেন।’ এ সময় তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে লেখা একটি খোলাচিঠি পাঠ করেন। এই বিদ্যুৎকেন্দ্রের পক্ষে-বিপক্ষে জনমত যাচাইয়ের জন্য গণভোট আয়োজনের দাবি জানান তিনি।

সমাবেশ শেষে দুপুর সোয়া ১২টার পর একটি বিক্ষোভ মিছিল প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করে। মিছিলটি কয়েক দফা বাধা পেরিয়ে শাহবাগ মোড় থেকে রূপসী বাংলা হোটেলের সামনে পৌঁছতেই কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কিছু বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হতেও দেখা যায়। এর পর বিক্ষোভকারীরা কয়েকবার সংগঠিত হওয়ার চেষ্টা করলেও পুলিশি অ্যাকশনের মুখে তাঁরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটকও করা হয়।

এ সময় রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন পথচলতি মানুষেরা। ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার বলেন, ‘এটা ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোর একটা। আমরা তাঁদের (বিক্ষোভকারীদের) সরে যেতে অনুরোধ করেছিলাম। কিন্তু তাঁরা তাতে সাড়া না দেওয়ায় ছত্রভঙ্গ করে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না।’ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

ঘটনার পর বেলা তিনটায় পল্টনের মুক্তি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনু মুহাম্মদ বলেন, ‘এই কর্মসূচির উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণভাবে আমাদের বার্তাটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া। সেখানে মিছিলে পুলিশের বাধা, লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছি।’

এদিকে বিক্ষোভ মিছিলে পুলিশি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, জাতীয় মুক্তি কাউন্সিল, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।