মিছিল-সমাবেশে জোর করে নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরে মেসে বসবাসরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ছাত্রলীগসহ সরকারি দলের সহযোগী সংগঠনের মিছিল-মিটিং ও সমাবেশে যোগ দিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা বলছেন, সংশ্লিষ্ট এলাকার ছাত্রলীগের নেতা-কর্মীরা মেস থেকে তাঁদের জোর করে নিয়ে যান। পরীক্ষার সময়ও তাঁদের হাত থেকে রক্ষা পাওয়া যায় না।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরে সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুর মহাবিদ্যালয়, ফরিদপুর সিটি কলেজ, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর কৃষি কলেজসহ সরকারি-বেসরকারি মিলিয়ে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত ৫০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। কয়েকটি প্রতিষ্ঠানের ছাত্রাবাস থাকলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বেশির ভাগ শিক্ষার্থী শহরের বিভিন্ন মহল্লায় মেসে থাকেন। শহরের ঝিলটুলী, দক্ষিণ ঝিলটুলী, আলীপুর, কমলাপুর, চর কমলাপুর, কুঠিবাড়ি কমলাপুর, টেপাখোলা, দক্ষিণ টেপাখোলা, হাবেলী গোপালপুর, লক্ষ্মীপুরসহ বিভিন্ন মহল্লায় ছয় শতাধিক মেস রয়েছে। এতে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী অবস্থান করে পড়ালেখা করছেন।
সরকারি রাজেন্দ্র কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী কয়েক বছর ধরে কমলাপুর মহল্লার একটি মেসে থাকেন। তিনি বলেন, ‘৬ মে দুপুরে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী আমাদের মেসে আসে। অনেকটা জোর করে আমিসহ মেসের কয়েকজনকে জনতা ব্যাংকের মোড়ে শ্রমিক লীগের অনুষ্ঠানে নিয়ে যায়। একজনের শরীর খারাপ ছিল। তাঁকেও জোর করে নিয়ে গিয়েছিল। প্রায় আড়াই ঘণ্টা সেখানে থাকতে হয়েছিল।’
ওই ছাত্রাবাসে থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে এক ছাত্র। সে বলে, ‘আমার পরীক্ষা চলছিল। বিষয়টি তাদের জানালেও কোনো গুরুত্ব দেয়নি। বাধ্য হয়ে ওই সমাবেশে গিয়েছিলাম।’
নাম প্রকাশে অনিচ্ছুক লক্ষ্মীপুর মহল্লার একটি মেসের ছাত্র বলেন, ২৬ মার্চ সকালে শহরে শহীদ বেদিতে ফুল দেওয়ার জন্য ছাত্রলীগের নেতারা তাঁকেসহ মেসের আরও কয়েকজনকে ডেকে নিয়ে গিয়েছিলেন। এ মেসের আরেক ছাত্র বলেন, ১৯ মার্চ শহরের অম্বিকা ময়দানে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনেও তাঁদের যোগ দিতে বাধ্য করা হয়েছিল।
জেলা ছাত্রদলের সভাপতি বেনজীর আহমেদ বলেন, সরকারি দল এ কাজ বেশি করে। মেসের শিক্ষার্থীরা বেশির ভাগই বহিরাগত ও গরিব। তাঁরা পড়ালেখা করতে আসেন। শুধু নিজের অস্তিত্ব জানান দিতে রাজনৈতিক দলগুলো মেসের ছেলেদের ইচ্ছার বিরুদ্ধে ব্যবহার করে। এতে শিক্ষার্থীর স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এবং তাঁরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ বলেন, ‘যারা ছাত্রলীগের সঙ্গে জড়িত, তারা স্বেচ্ছায় আমাদের মিছিল-সমাবেশে আসে। সহযোগী সংগঠন মেসের কোনো ছাত্রদের নিয়ে গেলে আমরা ঠেকানোর চেষ্টা করব। শহরে ছাত্রলীগের যে কয়টা ইউনিট রয়েছে, মিটিং করার জন্য তারাই যথেষ্ট।’
এদিকে গত রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মেসের শিক্ষার্থীদের রাজনৈতিক দলের মিছিল ও সমাবেশে যোগ দিতে বাধ্য করার বিষয়ে আলোচনা হয়। তাঁদের নির্বিঘ্নে পড়ালেখার সুযোগ করে দেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।