মিছিলে ককটেল, 'নিরপরাধ' যুবককে গণধোলাই
রাজধানীর মতিঝিল এজিবি কলোনির পানির পাম্প রোডে যুবলীগের মিছিলে ককটেল নিক্ষেপের পর‘নিরপরাধ’ এক যুবককে গণধোলাই দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গণধোলাইয়ের শিকার হওয়া যুবক বাসেদুর রহমানের দাবি, তিনি ‘নিরপরাধ’। ককটেল বিস্ফোরণ ঘটানোর মতো কিছু ঘটাননি তিনি। তাঁকে অন্যায়ভাবে গণধোলাই দেওয়া হয়েছে।
বাসেদকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন মতিঝিল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুম বিল্লাহ। তিনি জানান, বাসেদকে মারতে দেখে তাঁকে উদ্ধার করে তিনি হাসপাতালে নিয়ে এসেছেন। বাসেদ তাঁকে জানিয়েছেন, তিনি ককটেল ফাটানোর মতো কিছু ঘটাননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর বাসেদ দাবি করেন, তাঁর বাড়ি নারায়ণগঞ্জে। তিনি ব্যবসায়ী। রাজধানীর নয়াপল্টনের পলওয়েল মার্কেটে তাঁর দোকান রয়েছে। দুপুরে দোকানে যাওয়ার উদ্দেশে একটি সিএনজি অটোরিকশা করে পাম্প এলাকায় নামেন তিনি। এরপর তিনি অটোরিকশার ভাড়ার টাকা দেওয়ার সময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। তখন মিছিল থেকে লোকজন এসে তাঁকে ‘অন্যায়ভাবে’ মারধর করে।
আহত ব্যক্তির নাম বাসেদুর রহমান বাসেদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাঁকে ভর্তি করানো হয়েছে।
মতিঝিল থানার উপপরিদর্শক মাসুম বিল্লাহ তাঁকে ঢামেকে নিয়ে আসেন। মাসুম বলেন, ককটেল ফাটার পর লোকজন তাঁকে গণধোলাই দেয়।