মিছিলে বাধা, অধ্যক্ষের কক্ষে ছাত্রসমাজের ভাঙচুর
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার শহীদ স্মৃতি সরকারি কলেজের ক্যাম্পাসে গতকাল বৃহস্পতিবার মিছিল করতে বাধা দেওয়ায় অধ্যক্ষের কক্ষে ভাঙচুর করেছে জাতীয় পার্টির (জাপা) ছাত্রসংগঠন ছাত্রসমাজের নেতা-কর্মীরা। এ সময় ছাত্রসমাজের নেতা-কর্মীরা অধ্যক্ষ ছাড়াও অন্য শিক্ষকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে জাতীয় পার্টির সাংসদ হওয়ায় ছাত্রসমাজের নেতা-কর্মীরা অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার সাহস পেয়েছেন বলে অনেকেই অভিযোগ করেন। খবর পেয়ে জাতীয় পার্টির সাংসদ সালাহ উদ্দিন আহমেদ কলেজে গিয়ে জড়িত নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পুলিশ, কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, শহীদ স্মৃতি সরকারি কলেজে প্রায় আট বছর ধরে কোনো ছাত্রসংগঠন মিছিল বা অন্য কোনো কর্মসূচি পালন করলে আগে থেকে অধ্যক্ষের অনুমতি নেওয়ার নিয়ম চালু রয়েছে। বিগত দিনে সব ছাত্রসংগঠন এই নিয়ম মেনেই কলেজে তাদের কর্মসূচি পালন করেছে। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রসমাজের আহ্বায়ক রিপন সরকারের নেতৃত্বে একটি মিছিল কলেজে প্রবেশ করতে চাইলে শিক্ষকেরা বাধা দেন।
বাধাদানকারী শিক্ষকেরা ছাত্রসমাজের নেতাদের বলেন, ‘কলেজে স্নাতক (সম্মান) পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা ও অন্য শিক্ষার্থীদের ক্লাস চলছে। অধ্যক্ষের অনুমতি নিয়ে তারা যেন দুপুর ১২টার পর মিছিল করে।’ কিন্তু ছাত্রসমাজের নেতারা শিক্ষকদের কথা না মেনে বেশ কিছু বহিরাগত ব্যক্তিকে নিয়ে কলেজে ঢুকে মিছিল করেন। মিছিল শেষে তাঁরা অধ্যক্ষের কক্ষে গিয়ে কেন তাঁদের বাধা দেওয়া হলো তার কারণ জানতে চান। এ সময় নেত-কর্মীরা অধ্যক্ষের টেবিলে থাপড় মেরে কথা বলেন। অন্য শিক্ষকেরা বাধা দিলে তাঁরা চলে যান। এর কিছুক্ষণ পর আট থেকে দশজন নেতা-কর্মী অতর্কিত অধ্যক্ষের কক্ষে গিয়ে টেবিলের কাচ ভাঙচুর করেন।
খবর পেয়ে জাতীয় পার্টির সাংসদ সালাহ উদ্দিন আহমেদ কলেজে গিয়ে শিক্ষকদের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করে জড়িত নেতা-কর্মীদের বিচারের আশ্বাস দেন।
অধ্যক্ষ খান মোহাম্মদ সালাহউদ্দন বলেন, ‘কক্ষে ভাঙচুর করায় আমরা আইনগত ব্যবস্থা নিতে চেয়েছিলাম। পরে মুক্তাগাছা আসনের জাতীয় পার্টির সাংসদ এসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আমরা বিরত থাকি।’
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, সাংসদ বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়ায় কেউ আইনি ব্যবস্থা নেননি।
সাংসদ সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছে। অধ্যক্ষের কক্ষের টেবিলের কাচ ভেঙেছে। এরা সন্ত্রাসী। দলের ঊর্ধ্বে এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দলের নামে কেউ সন্ত্রাস সৃষ্টি করলে কোনো ছাড় দেওয়া হবে না।’
শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রসমাজের আহ্বায়ক রিপন সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ধরেননি।