মিজান ও বাছিরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন পুলিশ কনস্টেবল
ঘুষ গ্রহণের মামলায় দুদকের বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছির এবং পুলিশের বরখাস্ত হওয়া ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মিজানুর রহমানের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার আরও একজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। তাঁর নাম কনস্টেবল এনামুল হক। তিনি ডিআইজি মিজানের গাড়িচালক ছিলেন।
আগামী ১৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন ঢাকার বিশেষ জজ আদালত–৪–এর বিচারক শেখ নাজমুল আলম। আজ কারাগার থেকে মিজান ও বাছিরকে আদালতে হাজির করা হয়।
গত বছরের ১৮ মার্চ খন্দকার এনামুল বাছির ও মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ঘুষ লেনদেনের মামলায় গত বছরের ১৪ জানুয়ারি এ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। গত বছরের ১৯ আগস্ট এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
ঘুষ গ্রহণের অভিযোগে ২০১৯ সালের ১৭ জুলাই মিজান ও এনামুল বাছিরকে আসামি করে মামলা করে দুদক। মামলার এজাহারে বলা হয়, খন্দকার এনামুল বাছির কমিশনের দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে নিজে আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় ক্ষমতার অপব্যবহার করেছেন এবং মিজানুর রহমান সরকারি কর্মকর্তা হয়ে নিজের বিরুদ্ধে আনা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে রেহাই পেতে দুদকের পরিচালক এনামুল বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দেন।