মিজানুর রহমানের কাছে পুলিশের নির্যাতনের বর্ণনা দিল এক ছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ লাখ টাকা না দেওয়ায় পুলিশ নির্যাতন করে ঢাকা সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ইনজামাম-উল ইসলাম ওরফে জিসানের বাঁ পা ভেঙে দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের কাছে। তিনি গতকাল বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পুলিশ পাহারায় চিকিৎসাধীন ইনজামামকে দেখতে গেলে সে এ অভিযোগ করে নির্যাতনের বর্ণনা দেয়।
মিজানুর রহমানের কাছে ইনজামাম অভিযোগ করে, গত ৯ জুন জিগাতলার লেকপাড়ে একই কলেজের ছাত্র আয়াজ হক খুন হয়। ঘটনার সময় বিজিবির ৪ নম্বর ফটকের সামনে থেকে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায় পুলিশ। ওই খুনের সঙ্গে সে জড়িত নয়, আয়াজকে সে চেনেও না। কিন্তু পুলিশ এই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুই দফায় নয় দিনের রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন চালায়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ও উপপরিদর্শক (এসআই) সাহেদুল বিশ্বাস নির্যাতন চালিয়েছেন ১০ লাখ টাকার জন্য। তার মা-বাবা চার লাখ টাকা দিলেও পুলিশ বাকি টাকাও দাবি করে। সে অভিযোগ করে, পুলিশের ভয়ে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য হয়েছে।
ইনজামামের অভিযোগ শুনে মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, পুলিশ সন্দেহজনকভাবে তাকে ধরে নিয়ে পা ভেঙে দিয়ে বর্বরতার পরিচয় দিয়েছে। পুলিশ অতি উৎসাহী হয়ে সীমা লঙ্ঘন করেছে। পুলিশের এ আচরণ নিন্দনীয়। তিনি বলেন, ইনজামামকে নির্যাতনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এ ব্যাপারে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজ বৃহস্পতিবার চিঠি পাঠাবেন। ইনজামামের পরিবার নির্যাতনকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা করলে কমিশন আইনি সহায়তা দেবে। ইনজামামের চিকিৎসার সব খরচ রাষ্ট্রকে বহন করতে হবে।
জানতে চাইলে ধানমন্ডি থানার ওসি প্রথম আলোকে বলেন, আয়াজকে ছুরিকাঘাত করার পর ইনজামামকে রক্তমাখা ছুরিসহ স্থানীয় লোকজন আটক করে পুলিশে দেয়। আদালতে সে নিজের ইচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার ওপর নির্যাতন করা কিংবা ঘুষ নেওয়া হয়নি। রিমান্ড শেষে সুস্থ অবস্থায় তাকে আদালতে পাঠানো হয়।