মিটফোর্ড হাসপাতাল এলাকায় ১ কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকার দুটি ফার্মেসিতে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ করেছে র্যাব-১০ ও ওষুধ প্রশাসন অধিদপ্তর। এই দুই ফার্মেসির তিন মালিককে নয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক এ টি এম গোলাম কিবরিয়া খান প্রথম আলোকে বলেন, মিটফোর্ড হাসপাতালের সামনে আমিন ড্রাগ সেন্টার ও মদিনা ফার্মেসি এবং তাদের নিজস্ব গোডাউন থেকে এসব ওষুধ জব্দ করা হয়েছে। এ সময় ড্রাগ সেন্টারের মালিক আনোয়ার হোসেন ও আক্তার হোসেনকে তিন লাখ করে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। মদিনা ফার্মেসির মালিক মো. রুবেল হোসেনকেও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা শেষে রাত নয়টার দিকে জব্দ করা সব ওষুধ পুড়িয়ে দেওয়া হয়েছে।