মিটফোর্ড হাসপাতালে নার্সকে পেটালেন চিকিৎসক
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের এক জ্যেষ্ঠ নার্সকে পিটিয়ে গুরুতর আহত করেছেন একই হাসপাতালের একজন শিক্ষানবিশ চিকিৎসক। গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
আহত নার্স বকুল রানী দাশকে (৪৫) ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ রকিবুল ইসলাম নামের ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে।
হাসপাতাল সূত্র জানায়, বকুল স্ত্রীরোগ বিভাগের নার্স। একই বিভাগের চিকিৎসক রকিবুল গতকাল বেলা দুইটার দিকে এক রোগীকে স্যালাইন দিতে বকুলকে নির্দেশ দেন। বকুল হাতের কাজ শেষ করে স্যালাইল দেবেন বলে জানান। কিন্তু তাৎক্ষণিকভাবে আদেশ না মানায় ক্ষুব্ধ হন চিকিৎসক। শুরু হয় বাগ্বিতণ্ডা। একপর্যায়ে রকিবুল বকুলকে টেনেহিঁচড়ে একটি কক্ষে নিয়ে বেদম মারধর করেন। খবর পেয়ে অন্য নার্সরা তাঁকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। এদিকে এ খবর পুরো হাসপাতালে ছড়িয়ে পড়লে বিভিন্ন বিভাগে কর্মরত নার্সরা কাজ ফেলে হাসপাতালের সার্জারি ভবনের নিচে গিয়ে বিক্ষোভ করতে থাকেন | এতে দুর্ভোগে পড়েন রোগীরা।
ঘটনার পর কর্তৃপক্ষ চিকিৎসকদের নিয়ে এক জরুরি বৈঠকে বসে। বৈঠকে রকিবুলকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়।