মিটফোর্ডে আবার অভিযান, ৩০ লাখ টাকার ওষুধ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল-সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ নিবন্ধনহীন ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা এসব ওষুধের বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। এসব ওষুধ বিক্রি করার দায়ে ছয়টি দোকানকে ১৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়৷
গতকাল রোববার দুপুরে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-১০) নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এই আদালত পরিচালনা করেন ৷ ঔষধ প্রশাসন অধিদপ্তর ও র্যা ব-১০-এর যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়৷
ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক এ টি এম গোলাম কিবরিয়া খান প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ওই অভিযান চালানো হয়। নিবন্ধনহীন ওষুধ বিক্রি করার অভিযোগে সরদার মেডিসিন মার্কেটের এম এস রাসেল ড্রাগ হাউসের মালিক জাহাঙ্গীর আলমকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়৷ একই অপরাধে এই মার্কেটের সুরাইয়া মেডিসিন কর্নারের মালিক মো. জুয়েলকে দুই লাখ, মিটফোর্ড ভিউকে দুই লাখ, আমীর মেডিসিন মার্কেটের ওয়াফা এজেন্সির মালিক মো. আক্তারকে তিন লাখ, মিটফোর্ড টাওয়ারের মেসার্স মা ফাতেমা ড্রাগের মালিক নাছিরকে তিন লাখ, সোয়েব মার্কেটের শরিফ করপোরেশনের মালিক জুবায়ের শরিফকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়৷ এ ছাড়া জব্দ করা ওষুধগুলো মাতুয়াইলের ডাম্পিং স্টেশনে ধ্বংস করা হয়৷
গোলাম কিবরিয়া খান আরও বলেন, গতকাল জব্দ করা অধিকাংশ ওষুধই ভারত থেকে আনা৷ এর আগে গত ৬ সেপ্টেম্বর ওই এলাকায় অভিযান চালিয়ে ২৫ লাখ টাকার নকল ও নিবন্ধনবিহীন ওষুধ জব্দ করা হয়েছিল৷
অভিযানে র্যা ব-১০-এর এএসপি রেজাউল ইসলাম, জি এ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন৷