মিটফোর্ডে জন্মনিরোধক জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকার তিনটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ও বিদেশি জন্মনিরোধক সামগ্রী এবং অনুমোদনহীন ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ এ সময় এই তিনটি ফার্মেসিকে চার লাখ টাকা জরিমানা করা হয়৷
গতকাল বুধবার বেলা দুইটা থেকে ছয়টা পর্যন্ত ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান৷ জানতে চাইলে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক এ টি এম গোলাম কিবরিয়া খান প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে মিটফোর্ড হাসপাতাল-সংলগ্ন দুলারী মার্কেটের হামজা এজেন্সি সরকারি ও অনুমোদনহীন বিদেশি জন্মনিরোধক সামগ্রী বিক্রি করে আসছিল৷ গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বেলা দুইটায় এই এজেন্সিতে অভিযান চালিয়ে পাঁচ কার্টন সরকারি ও ১১ কার্টন বিদেশি জন্মনিরোধক সামগ্রীসহ বিপুল পরিমাণ ওষুধের লেবেল জব্দ করা হয়৷ পরে এজেন্সিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়৷
বেলা সাড়ে তিনটার দিকে একই মার্কেটের মেসার্স কবির ড্রাগে অভিযান চালানো হয়৷ এ সময় এই প্রতিষ্ঠান থেকে ইউনি ড্রাগের নকল আমলকী প্লাস ওষুধ জব্দ করা হয়৷ অথচ কয়েক বছর ধরে ইউনি ড্রাগ এই ওষুধ উৎপাদন করছে না৷ এর দায়ে প্রতিষ্ঠানের মালিক কবিরকে এক লাখ টাকা জরিমানা করা হয়৷ পরে বিকেল চারটার দিকে হাজী আবদুল আলী মেডিসিন মার্কেটের মেসার্স শাকিব ফার্মেসিতে অভিযান চালানো হয়৷ এই ফার্মেসি থেকেও আমলকী প্লাসসহ বিভিন্ন নকল ওষুধ জব্দ করা হয়৷ ফার্মেসির মালিক আজগর আলীকে এক লাখ টাকা জরিমানা করা হয়৷ অভিযানে র্যা ব-১০-এর সদস্যরা সহযোগিতা করেছেন৷