মিটফোর্ডে ২ কোটি টাকার ওষুধ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্রয়-নিষিদ্ধ ওষুধ ও দেশে তৈরি করে বিদেশি ওষুধের মোড়ক লাগিয়ে বিক্রির অপরাধে পুরান ঢাকার মিটফোর্ড এলাকার সাত প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি আদালতের নির্দেশে ওই সাত প্রতিষ্ঠানের গুদাম থেকে প্রায় দুই কোটি টাকার অবৈধ ওষুধ জব্দ করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, মিটফোর্ডের মেট্রো মেডিসিন মার্কেটে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালায় র‌্যাব-১০ ও ঔষধ প্রশাসন অধিদপ্তর। এ সময় সাতটি প্রতিষ্ঠানের গুদামে বিক্রয়-নিষিদ্ধ ও বিদেশি মোড়ক লাগানো দেশে তৈরি ওষুধ পাওয়া যায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাত প্রতিষ্ঠানকে জরিমানা ও ওষুধ জব্দ করা হয়। সাজা ঘোষণা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।