ভেজাল মদ ও হোমিও ওষুধ তৈরির সঙ্গে জড়িত অভিযোগে মিটফোর্ড এলাকার একটি কারখানা সিলগালা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ-অঞ্চল। গত শনিবার রাতে কারখানাটি সিলগালা করা হয়। এ সময় কারখানা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকা ও কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ২ হাজার ৫৫৫টি ইয়াবা বড়িসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ-অঞ্চলের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে মিটফোর্ড রোডের ২০২ নম্বর মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে অবৈধ রেক্টিফাইড স্পিরিট দিয়ে ভেজাল মদ ও হোমিও ওষুধ তৈরির কারখানাটির সন্ধান পাওয়া যায়। এ সময় কারখানাটি থেকে ৫৪১ দশমিক ২ লিটার রেক্টিফাইড স্পিরিট এবং ভেজাল মদ ও হোমিও ওষুধ তৈরির উপকরণসহ আবদুল কাদেরকে (৫৫) গ্রেপ্তার করা হয়। কারখানাটির মালিক মো. মাহবুব অভিযানের সময় কারখানায় ছিলেন না।
এদিকে শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫০টি ইয়াবা বড়ি ও ৫৫ গ্রাম হেরোইনসহ মো. রকি (২৭), সাজ্জাদ হেসেন (২৩), মো. হাসেম (৩২) ও সুমন আহম্মেদকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার কেরানীগঞ্জের পশ্চিম আগানগরে পৃথক অভিযান চালিয়ে মো. মামুনকে (৪২) ২ হাজার ৩০০টি ইয়াবা, ৫০ বোতল ফেনসিডিল ও ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া রাজারবাগে একটি আবাসিক হোটেলে গতকাল অভিযান চালিয়ে মো. আলিম ও আমিনুল নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৫টি ইয়াবা বড়ি ও ১ বোতল মদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের সহকারী পরিচালক খুরশিদ আলম।