মিটারের দাবিতে বিদ্যুৎ কার্যালয় ঘেরাও, মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিটারের দাবিতে কুমিল্লার চান্দিনায় অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতি-১ কার্যালয় ঘেরাও করেছেন গ্রাহকেরা। এ সময় উত্তেজিত গ্রাহকেরা সমিতির তিন কর্মকর্তা-কর্মচারীকে মারধর করেন। উদ্ভূত পরিস্থিতিতে সেখানে অবস্থানরত কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাংসদ মো. আলী আশরাফ দুই পক্ষকে নিয়ে বসে পরিস্থিতি সামাল দেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গ্রাহকেরা জানান, চান্দিনা পৌরসভার হারং এলাকার ১৫ জন গ্রাহক বৈদ্যুতিক মিটারের জন্য এক বছর আগে সমিতি কার্যালয়ে টাকা জমা দেন। এরপর চেষ্টা করেও তাঁরা মিটার পাননি। এই অবস্থায় গতকাল সকাল ১০টায় হারং এলাকার লোকজন সমিতির কার্যালয়ে গিয়ে মহাব্যবস্থাপক (জিএম) নজরুল ইসলাম খানকে অবরুদ্ধ করেন। এ সময় উত্তেজিত গ্রাহকেরা সমিতির তিন কর্মকর্তা-কর্মচারীকে মারধর করেন। একই সঙ্গে অন্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ধাক্কাধাক্কি করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে ওই সমিতির ডাকবাংলোতে অবস্থানরত সাংসদ আলী আশরাফ ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সাংসদ দুই পক্ষকে নিয়ে বৈঠক করেন। তিনি দ্রুত মিটার দিয়ে দেওয়ার জন্য জিএমকে নির্দেশ দেন।