মিঠাপুকুরে এক ডাকাত নিহত গ্রেপ্তার ৫
রংপুরের মিঠাপুকুর-ফুলবাড়ী মহাসড়কে ককটেল বিস্ফোরণে আন্তজেলা ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ সময় আরও পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ফুলবাড়ী মহাসড়কের ভেলুয়ার সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ডাকাতের নাম নুরুল ইসলাম (৩২)। তার বাড়ি মিঠাপুকুরের খোসালপুর এলাকায়। তার বিরুদ্ধে মিঠাপুকুর থানায় ছয়টি ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবির বলেন, বুধবার রাতে মিঠাপুকুর-ফুলবাড়ী মহাসড়কে একটি সাদা মাইক্রোবাসে করে পুলিশ টহল দিচ্ছিল। দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে মাইক্রোবাসটি ভেলুয়ার ব্রিজের কাছে পৌঁছালে ডাকাতেরা ডাকাতির উদ্দেশ্যে মাইক্রোবাসটি লক্ষ্য করে ককটেল ছুড়ে। একটি ককটেল ডাকাত নুরুল ইসলামের হাতেই বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
থানার পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে আরও পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চারটি ছোরা, বেশ কয়েকটি তাজা ককটেল এবং তাদের বহনকারী একটি লেগুনা গাড়ি জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, নিহত নুরুল ইসলাম ডাকাত সর্দার। তার বিরুদ্ধে ছয়টি ডাকাতি মামলা রয়েছে। এ ছাড়া গ্রেপ্তার হওয়া অন্যদের বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা।