মিঠাপুকুরে জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের নেতা দেলোয়ার হোসেনসহ নয়জনকে জুয়া খেলার আসর থেকে গত সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। দেলোয়ার হোসেন রানীপুকুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
এ ছাড়া তিনি রানীপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।
এলাকার বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উপজেলার রানীপুকুর বাজারের এক জুয়ার আসর থেকে দেলোয়ার হোসেন, মাহবুব হোসেন, আবদুর রাজ্জাক, জাহিদুল ইসলাম, রঞ্জিত রায়, মমতাজ হোসেন, আলীমুজ্জামান, বাবু মিয়া ও তছলিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার পুলিশ বাদী হয়ে মামলা করেছে। গতকালই তাঁদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।