মিঠাপুকুরে বাসে পেট্রলবোমা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুরে চলন্ত বাসে পেট্রলবোমা হামলার মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাঁরা হলেন মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়ন জামায়াতের সভাপতি জয়নাল মিয়া ও তাঁর ভাই জামায়াত কর্মী মাসুম আমিন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, জয়নাল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কাফ্রিখাল ইউনিয়নের পিরোজপুর গ্রাম থেকে তাঁকে এবং তাঁর ছোট ভাই মাসুমকে আজ দুপুর একটার দিকে গ্রেপ্তার করা হয়।

ওসির দাবি, মিঠাপুকুরে বাসে পেট্রলবোমা হামলা, মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দেলওয়ার হোসাইন সাঈদীর মামলার রায়ের দিন মিঠাপুকুরে পুলিশের ওপর হামলা, আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগসহ সহিংস ঘটনায় জড়িত অভিযোগে জামায়াত নেতা জয়নালের বিরুদ্ধে আটটি মামলা আছে। তাঁর ভাইও একাধিক মামলার আসামি। তাঁরা দুজনই মিঠাপুকুরে চলন্ত বাসে পেট্রলবোমা হামলা মামলায় এজাহারভুক্ত আসামি।

গত ১৩ জানুয়ারি দিবাগত রাতে মিঠাপুকুরের বাতাসন ফতেপুর এলাকায় খলিল এন্টারপ্রাইজের বাসে পেট্রলবোমা ছুড়ে মারা হলে ছয়জন অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। ওই ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বাদী হয়ে ৮০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা করেন।

আরও পড়ুন: