মিঠাপুকুরে বাসে পেট্রলবোমা হামলার আসামি গ্রেপ্তার
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাসে পেট্রলবোমা হামলায় হতাহতের ঘটনায় করা মামলার আসামি ছাত্রশিবিরের উপজেলা সাবেক সভাপতি সাফায়াতকে (২৮) পুলিশ গ্রেপ্তার করেছে।
গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার জায়গীর বাতাসন এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, সাফায়াতের বাড়ি উপজেলার লতিফপুর গ্রামে। তাঁর বিরুদ্ধে মিঠাপুকুরে চলন্ত বাসে পেট্রলবোমা হামলায় হতাহতের ঘটনাসহ বিভিন্ন নাশকতায় ১৪টি মামলা রয়েছে। এসব মামলার সবই মিঠাপুকুর থানায়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৫ সালের ১৩ জানুয়ারি দিবাগত রাতে মিঠাপুকুরে রংপুর-ঢাকা মহাসড়কে চলন্ত বাসে পেট্রলবোমা ছুড়ে মারার ঘটনায় ছয়জন অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়। ওই ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বাদী হয়ে ৮০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা করেন।
আরও পড়ুন: