মিঠাপুকুরে বাসে পেট্রলবোমার প্রধান আসামির লাশ উদ্ধার
রংপুরের মিঠাপুকুরে বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে আটজনকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হুদা ওরফে লাবলুর (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে উপজেলার বলদিপুকুর এলাকার একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।
নাজমুলের বাড়ি মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে। তিনি ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলার রায়কে কেন্দ্র করে মিঠাপুকুরে জামায়াত-শিবিরের তাণ্ডব ও সহিংস ঘটনা, পুলিশের ওপর হামলা ও নাশকতাসহ ১০ মামলার অভিযুক্ত আসামি ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
রংপুর জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলামের ভাষ্য, গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের আরআই ফিশিং ফার্মের কাছে গাছের গুঁড়ি ফেলে নাশকতার পরিকল্পনা করছিলেন জামায়াত-শিবিরের কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট ছুড়লে তাঁরা পালিয়ে যান। পালাতে গিয়ে নাজমুল হুদা ওরফে লাবলু পাশের একটি পুকুরে পড়ে যান। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে চারটি পেট্রলবোমা, চারটি ককটেল, চারটি ছোরা ও একটি গাছ কাটা করাত উদ্ধার করে। পরে ভোরের দিকে পুলিশ ওই এলাকার একটি পুকুর থেকে নাজমুলের লাশ উদ্ধার করা হয়। পুলিশের সুরতহাল প্রতিবেদনে তাঁর শরীরের কোথাও গুলি কিংবা আঘাতের কোনো চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
শরিফুল ইসলাম আরও জানান, নিহত নাজমুল মিঠাপুকুর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি জামায়াতনিয়ন্ত্রিত শ্রমিককল্যাণ ফেডারেশনের মিঠাপুকুর থানার সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
গত ১৩ জানুয়ারি মিঠাপুকুর উপজেলার বাতাসন ফতেপুর এলাকায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী খলিল এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে মোট আটজন নিহত হন।
নিহত নাজমুলের বাবা নূরুন্নবী শাহ তাঁর ছেলের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি।