মিঠাপুকুরে মাদ্রাসাছাত্রীকে অ্যাসিড নিক্ষেপ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রী গত বুধবার রাতে অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় আশরাফুল (২০) নামের এক তরুণ তাকে অ্যাসিড ছুড়ে মারেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ গতকাল বৃহস্পতিবার আশরাফুলকে গ্রেপ্তার করেছে।
মেয়েটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ওই ছাত্রী গত বুধবার রাতে বাড়ির একটি কক্ষে পড়াশোনা করছিল। রাত সাড়ে ১০টার দিকে খোলা জানালা দিয়ে তাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারা হয়। এতে ওই ছাত্রীর কপাল, ডান গাল ও কানের কিছু অংশ দগ্ধ হয়। পরিবারের লোকজন তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের চিকিৎসক আজমল হোসেন মেয়েটির শরীরে ছুড়ে মারা পদার্থ অ্যাসিড বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেয়েটির কপালের ওপরে ও ডান দিকের গাল ও কানের কিছু অংশ অ্যাসিডে ঝলসে যায়। তার অবস্থা আশঙ্কামুক্ত।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মেয়েটি পুলিশকে জানিয়েছে, আশরাফুল নামের এক তরুণ মেয়েটিকে উত্ত্যক্ত করতেন, প্রেমের প্রস্তাব দিতেন। এ তথ্যের ভিত্তিতে পুলিশ গতকাল ওই তরুণকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে অ্যাসিড-সন্ত্রাস আইনে একটি মামলা করেছেন।