মিঠামইনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে ভূমি কর্মকর্তা জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের মিঠামইনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যাওয়ায় ইউএনও ও পুলিশ সদস্যদের সামনে বজেন্দ্র সূত্রধর নামে এক ভূমি কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছেন এক ব্যবসায়ী নেতা। গতকাল বুধবার সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া বাজারে ছালেক মিয়া নামে স্থানীয় এক ব্যবসায়ী নেতার নেতৃত্বে সরকারি ওই কর্মকর্তার ওপর এ হামলা চালানো হয়। রক্তাক্ত অবস্থায় বজেন্দ্র সূত্রধরকে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, ছালেক মিয়ার বাড়ি ঘাগড়া গ্রামে। তিনি ওই বাজারের মুদি ব্যবসায়ী এবং ব্যবসায়ী নেতা হিসেবে পরিচিত। আর বজেন্দ্র সূত্রধর ঘাগড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভূমি সহকারী কর্মকর্তা। ছালেক সোমবার থেকে ঘাগড়া বাজারে একটি পাকা ভবন নির্মাণকাজ শুরু করেন। সরকারি জায়গা দাবি করে বজেন্দ্র ওই দিনই ভবন নির্মাণে বাধা দিয়ে আসেন। কিন্তু ছালেক বাধা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যান। এ অবস্থায় কাজ বন্ধ করে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূমি কর্মকর্তা ও কয়েকজন পুলিশ সদস্য নিয়ে গতকাল সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান নির্মাণকাজ চলছে। কাজ বন্ধের নির্দেশ পাওয়ার পর ছালেক উত্তেজিত হয়ে বজেন্দ্রকে ছাতা দিয়ে মাথায় আঘাত করতে থাকেন। এতে বজেন্দ্রের মাথা ফেটে যায়। ওই সময় ছালেকের কয়েকজন অনুসারীও বজেন্দ্রের ওপর চড়াও হন। পরে ইউএনও ঘটনাস্থল থেকে ফিরে যান।
ইউএনও আজিজ হায়দার ভূঁইয়া বলেন, ছালেক যে স্থানে ভবন নির্মাণ করছেন, সেটি সরকারি ভূমি। সরকারি জায়গা উদ্ধার করতে যাওয়ার কারণে ছালেক ও তাঁর লোকজন ভূমি সহকারী কর্মকর্তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
হামলার সময় পুলিশ উপস্থিত থাকলেও অভিযুক্ত ব্যক্তিদের আটক করতে না পারার কারণ জানতে চাইলে ওসি নাসির উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমরা নির্মাণাধীন ভবনের কাছে ছিলাম। আর ভূমি কর্মকর্তা ছিলেন অনেকটা দূরে। এ কারণে অভিযুক্ত ব্যক্তিদের ধরা সম্ভব হয়নি।’
একাধিকবার চেষ্টা করেও ছালেক মিয়ার মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাঁর ঘনিষ্ঠ একাধিক লোক দাবি করেন, জায়গাটি ছালেকের পৈতৃক সম্পত্তি। জায়গাটি দীর্ঘদিন ধরে ছালেকের ভোগদখলে আছে। স্থাপনা করার উদ্যোগের কথা জেনে ভূমি কর্মকর্তা তাঁর কাছ থেকে ঘুষ দাবি করেন। দেননি বলে উচ্ছেদ করতে আসেন। এ কারণে ছালেক ওই কর্মকর্তার ওপর ক্ষুব্ধ ছিলেন।
তবে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে ইউএনও বলেন, এখন পরিস্থিতির কারণে এ অভিযোগ করা হচ্ছে।