মিঠামইনে তরুণীর গলা কাটা মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার উপজেলার চারিগ্রাম ইউনিয়নে বৌলাই নদী থেকে ওই তরুণীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার তাঁর বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চারিগ্রাম এলাকায় বৌলাই নদীতে মাথাবিহীন একটি মরদেহ দেখতে পান এলাকার লোকজন। পরে তাঁরা মিঠামইন থানায় খবর দেন। পুলিশ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে তাঁর বিচ্ছিন্ন মাথা উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গতকাল বিকেলে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে নদী থেকে ওই তরুণীর বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করে পুলিশ।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ওই তরুণীর বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয়ও জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মিঠামইন থানায় একটি মামলা হয়েছে।