মিঠামইনে দুই পক্ষের সংঘর্ষে দুই শিশু নিহত
কিশোরগঞ্জের মিঠামইনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক স্কুলছাত্রীসহ দুই শিশু নিহত হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার ঢাকি ইউনিয়নের বড়কান্দা গ্রামে স্থানীয় বাছির মিয়া ও হায়দার আলী পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।
নিহত শিশুরা হলো বড়কান্দা গ্রামের চায়না আক্তার (৯) ও একই গ্রামের মোজাক্কির মিয়া (১৩)। চায়না স্থানীয় চিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মিঠামইন ও ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কিশোরগঞ্জ সরকারি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, বাছির মিয়া ও হায়দার আলী ঢাকি ইউনিয়নের সমাজব্যবস্থা নিয়ন্ত্রণ করে থাকেন। এই নিয়ে তাঁদের মধ্যে বিরোধ রয়েছে। গ্রামের যেকোনো বিষয়ে তাঁরা একে অপরের প্রতিপক্ষ হন। বিশেষ করে বড়কান্দা গ্রামে। গতকাল সোমাবার রাতে দুই পক্ষের কয়েকজন সমর্থকের মধ্যে কথা-কাটাকাটি হয়। রাতের ঘটনার সূত্র ধরে আজ সকালে ফের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের কয়েক শ লোক লাঠিসোঁটা ও বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বাছির পক্ষের চায়না ও হায়দার পক্ষের মোজাক্কির বল্লমবিদ্ধ হয় এবং ঘটনাস্থলে মারা যায়। হায়দার পক্ষের ১২ জন আর বাছির পক্ষের আটজন আহত হয়।
বাছির মিয়া বলেন, ‘হায়দার পক্ষ সমাজে নানা অপকর্ম করে বেড়াচ্ছে। অপকর্মের প্রতিবাদ জানানোর কারণে আমাদের তাদের পক্ষের প্রতিহিংসার শিকার হতে হচ্ছে।’
হায়দার আলী জানান, ‘সমাজে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য বাছির একটি নিজস্ব বাহিনী গড়ে তুলেছে। সাধারণ মানুষের তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস নেই। সাধারণদের হয়ে আমি নানা সময় প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করি। আজও একটি ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে হামলার শিকার হতে হয়েছে।’
জানতে চাইলে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, আধিপত্য বিস্তার নিয়ে বাছির ও হায়দার পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।